‘দুয়ারে রেশন’ প্রকল্প নিয়ে সুপ্রিম জয় রাজ্যের!
বাংলার জনরব ডেস্ক : ‘দুয়ারে রেশন’ প্রকল্প নিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta HC) রায়ে সোমবার স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আর শীর্ষ আদালতের এই রায় রাজ্য সরকারের বড় স্বস্তি নিঃসন্দেহে। ‘দুয়ারে রেশন’ প্রকল্পের বছর পূর্তিতে এই খবরে নাগরিক পরিষেবা চালিয়ে যেতে আর কোনও বাধা রইল না প্রশাসনের। আর সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশের পরই জেলাশাসকদের কাছে ‘দুয়ারে রেশন’ চালিয়ে যাওয়ার নির্দেশ পাঠায় নবান্ন।
প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের দুয়ারে দুয়ারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০২১ বিধানসভা নির্বাচনের আগে ‘দুয়ারে রেশন’ (Duare Ration) প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি অনুযায়ী সে বছর নভেম্বরে চালু হয় প্রকল্পটি। কিন্তু প্রকল্পের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে (Calcutta HC) মামলা দায়ের করে ডিলারদেরই একাংশ। শুনানি শেষে ‘দুয়ারে রেশন’ প্রকল্প বন্ধ করার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।
সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে জনতার পরিষেবার মতো বৃহত্তর স্বার্থের কথা বলে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয় রাজ্য প্রশাসন। সেই মামলায় সোমবার হাই কোর্টের ওই রায়ে স্থগিতাদেশ জারি করে স্থিতাবস্থার কথা বলে শীর্ষ আদালত। অর্থাৎ যেমন প্রকল্প চলছিল, তেমনই চলবে। বন্ধ করতে হবে না। শীর্ষ আদালতের এই রায়ের পরই জেলাশাসকদের কাছে নবান্ন থেকে নির্দেশ যায়, দুয়ারে রেশন প্রকল্প চালিয়ে যেতে সবরকম প্রস্তুতি নেওয়া হোক।

