বৃহস্পতিবার সাতসকালে প্রযোজনা সংস্থার একটি গোডাউনে বিধ্বংসী আগুন , ঘটনাস্থলে মন্ত্রী অরূপ বিশ্বাস
বাংলার জনরব ডেস্ক : বৃহস্পতিবার সাতসকালে দক্ষিণ কলকাতার কুদঘাট এলাকার বাবুরাম ঘোষ রোডে প্রযোজনা সংস্থার একটি গোডাউনে আগুন লাগে। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গোডাউনটি। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ এই ঘটনাটি ঘটে। আগুনের তাপে দাহ্য পদার্থে ঠাসা গোডাউনের দেওয়ালে ফাটল ধরেছে বলে সূত্রের খবর।
সকাল সাড়ে পাঁচটা নাগাদ আগুনের সূত্রপাত বলে খবর। এলাকার বাসিন্দারা আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন। ততক্ষনে কালো ধোঁয়া ভরতি হয়ে যায় এলাকায়। দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করে। দাহ্য পদার্থ ঠাসা ওই গোডাউনের কাছে রয়েছে একটি আবাসন। আতঙ্কে আবাসন থেকে বাসিন্দারা বেরিয়ে পড়েন। তবে বড়সড় বিপদে ইতিমধ্যে আশপাশ থেকে স্থানীয় বাসিন্দাদের সরানো হয়েছে।
এ ছাড়াও গোডাউনের পাশেই রয়েছে একটি ঘনবসতি। ওই বসতির বাসিন্দারাও আতঙ্কে বাইরে বেরিয়ে এসে নিজেরাও জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন যাতে ওই আবাসন ও আশপাশের বসতি বা কোথাও ছড়িয়ে না পড়ে, সেই চেষ্টাই করছেন দমকল কর্মী ও আধিকারিকরা। আবাসন থেকে জল নিয়েও আগুন নেভানোর চেষ্টা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫টি দমকলের ইঞ্জিন গিয়েছে ঘটনাস্থলে। এখনও পকেট ফায়ার রয়েছে বলে দমকল সূত্রের খবর।
মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের ফলেই আগুনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। যদিও অগ্নিকাণ্ডের তদন্ত চলছে হলে জানিয়েছে দমকল। গোডাউনটি একটি প্রযোজনা সংস্থার বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

