বিশ্ব নবী (সা) / ওয়ালিউল ইসলাম
আজ বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. এর জন্মদিন। এই উপলক্ষে সমগ্র বিশ্বজুড়ে তাঁর স্মরণে নানা অনুষ্ঠান হচ্ছে। বাংলার জনরব নিউজ পোর্টাল এই মহান মানুষকে শ্রদ্ধা জানিয়ে সমগ্র বিশ্ববাসীকে নবী দিবসের শুভেচ্ছা জানাচ্ছে। একইসঙ্গে বিশিষ্ট চিকিৎসক ও স্বভাব কবি ডা.ওয়ালিউল ইসলাম বিশ্বনবীর স্মরণে একটি কবিতা পাঠিয়েছেন। সেই কবিতা আমরা পাঠকদের উদ্দেশ্যে নিবেদন করলাম। বিশ্ব নবীর জন্মদিনে এই কবিতাটি পাঠানোর জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ ডা. ওয়ালিউল ইসলাম এর প্রতি।
———————————————————
বিশ্ব নবী(সা.)
ডা.ওয়ালিউল ইসলাম

মরুর বুকে দাপিয়ে বেড়ায়
কুফরী অনাচার
মুক্তিলাভে জাহান গোনে
দিন অপেক্ষার।
পরম্পরায় শিরকের পাপ
উজ্জা মানাত লাত
সহজ পথের জটিল করণ
বন্ধা গিরিখাত।
জন্মে মেয়ে কান্না চাপে
মাটির নিচে ঠাঁই
কন্টকময় অসম্মানের
পরিত্রাণ কি নাই?
রক্তমূল্যে প্রতিশোধে
খুনোখুনির ঘাঁটি
সমাজ শান্তি নিরাপত্তা
সোনার পাথর বাটি।
হেরা গুহায় গভীর ধ্যানে
নতুন দিনের আলো
দূর হয়ে যায় অজ্ঞানতা
তাগুত দিনের কালো।
মিথ্যা বাতিল অনাচারের
বিভেদ বালাই শেষ
আপামর সব শত্রু পেল
ক্ষমা অনিঃশেষ।
মুছলো ঘৃণা ভালোবাসায়
নিখিল চরাচর,
মোমিন হৃদয় প্রার্থনাতে
পূর্ণ কাবার ঘর ।

এক সারিতে আমীর ফকির
মোহাব্বত এর দিন
বর্ণ গোত্র ভাষা জাতির
ফারাকটা বিলীন।।
রাষ্ট্রনেতার সরল জীবন
শান্তির পয়গাম
আচরণের মুগ্ধতায়
প্রসার ইসলাম।
মানব জাতির পথের দিশা
সমান অধিকারে
আলোকোজ্জ্বল শুদ্ধতাতে
শামিল এক কাতারে।
এক আদমের সন্তান সব
ওঠে মিলন ধ্বনি-
সবার হাতে হাত মেলাবে
ঈমান সঞ্জীবনী ।
নতুন দিনের নতুন আলো
সুরুচিশীল বোধ
অধিকারের অর্জনে আজ
সবল প্রতিরোধ।
বেহেস্ত মায়ের পায়ের তলায়
অভিনব প্রত্যয়
নিরাপত্তার কঠোর শাসন
সারা বিশ্বের বিস্ময়।
বিশ্বাসের সবল সেতুর
প্রতিফলন কর্মে
ধর্ম জীবন সার্থকতা
নব জীবন ধর্মে ।।
@ডা.ওয়ালিউল ইসলাম
ডিসেম্বর 2021
পরিমার্জন ১৪.৬.২০২২

