আরজি কর কাণ্ডে বড় মোড়: পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে-কে হেফাজতে নিল সিবিআই
এস রোজলিন:কলকাতা: আরজি কর ধর্ষণ-খুন মামলায় চাঞ্চল্যকর মোড়। এবার পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে-কে নিজেদের হেফাজতে নিল সিবিআই।
বুধবার শিয়ালদহ আদালতে পুলিশের হাতে ধৃত সোমনাথকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালত সেই আবেদন মঞ্জুর করে দু’দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয়।
এর আগে এই মামলায় সঞ্জয় রায়, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসিকে হেফাজতে নিয়েছিল সিবিআই। এবার মূল ধর্ষণ ও খুনের মামলার তদন্তেই সোমনাথকে হেফাজতে নেওয়া হল। সিবিআই সূত্রের খবর, তাঁকে জেরা করে অভয়া-কাণ্ডে আরও নতুন তথ্য উঠে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।
গত ৯ই আগস্ট আরজি কর মেডিক্যালের ঘটনার দ্বিতীয় বর্ষপূর্তিতে পানিহাটিতে একটি স্মরণসভা হয়। সেখানে নির্যাতিতার দেহ তড়িঘড়ি দাহ করে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ ওঠে। এরপর নির্যাতিতার বাবা খড়দহ থানায় নতুন করে অভিযোগ দায়ের করেন। অভিযোগের নিশানায় ছিলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় ও প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে। সেই অভিযোগের ভিত্তিতেই নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়কে আগে গ্রেপ্তার করা হয়। পরে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয় সোমনাথ দে-কে। বর্তমানে তিনি জেল হেফাজতে ছিলেন।
উল্লেখ্য, সোমনাথকে কেন সিবিআই জিজ্ঞাসাবাদ করছে না, তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন নির্যাতিতার মা। তাঁর দাবি ছিল, সোমনাথকে জেরা করলেই বহু নতুন তথ্য সামনে আসবে। তারপরই সক্রিয় হল সিবিআই।
এদিকে নির্যাতিতার পরিবারের আইনজীবী বলেন, “সোমনাথ দে হাইকোর্টে জামিনের আবেদন করেছেন। সেই তথ্য সম্পূর্ণ লুকিয়েই শিয়ালদহ আদালতেও জামিনের আবেদন করেছেন। বিষয়টি আদালতকে জানানো হয়েছে।”

