জেলা 

বারইপুরের পর এবার গাইঘাটায়! ধর্ষণকাণ্ডে অভিযুক্তকে ‘এনকাউন্টার’!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : গত শনিবার রাতে জলসা দেখতে গিয়ে একাদশ শ্রেণির যে ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল গাইঘাটায় সেই কাণ্ডে গ্রেফতর আত্মীয়কে এনকাউন্টার করা হয়েছে বলে জানা গেছে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের পর এ বারের ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার গাইঘাটা। এ ক্ষেত্রেও রাতে অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, সে সময়ে অভিযুক্ত যুবক পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালান। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশও। তাতে গুলিবিদ্ধ হন অভিযুক্ত প্রহ্লাদ দাস। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

গত রবিবার গাইঘাটায় প্রতিবেশীর বাড়ির পিছন দিক থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয় এক কিশোরীর ক্ষতবিক্ষত দেহ। পরিবারের দাবি, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনায় রবিবারই ওই পরিবারের আত্মীয় প্রহ্লাদকে গ্রেফতার করে পুলিশ। ‘এনকাউন্টারে’ অভিযুক্তের মৃত্যুর ঘটনায় পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সূত্রের খবর, মঙ্গলবার ভোররাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে। ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত। ওই সূত্রের দাবি, পুনর্নির্মাণ শেষে পুলিশের রিভলভার ছিনিয়ে গুলি চালান প্রহ্লাদ। ঘটনায় এক পুলিশকর্মী জখম হন। সে সময়ে আত্মরক্ষায় পুলিশের পাল্টা গুলিতে জখম হন অভিযুক্তও। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক তিন রাউন্ড গুলি চালান। তখন আত্মরক্ষার্থে চার রাউন্ড গুলি চালায় পুলিশও। অভিযুক্তের মৃত্যুর খবর পেয়ে ইতিমধ্যে হাসপাতালে পৌঁছেছে নিহতের পরিবার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশকর্মী।

এর আগে গত জুলাইয়ে বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলেরও মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে। সে সময়েও গভীর রাতে অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের জন্য গিয়েছিল পুলিশ। সেখানেও পুলিশের তরফে দাবি করা হয়, অভিযুক্ত পুলিশের হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। আত্মরক্ষার্থে পাল্টা গুলিতে মৃত্যু হয়েছিল অভিযুক্তের।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ