দেশ 

বিরোধীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রধান বিচারপতির!

শেয়ার করুন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সোমবার দিল্লিতে সুপ্রিম কোর্ট অভিযানের ডাক দিয়েছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। তার আগে আইনজীবীদের মামলা শুনতে গিয়ে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত বললেন, সুপ্রিম কোর্টকে রাজনীতিতে টেনে আনা উচিত নয়। দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের সময় অনেক আইনজীবীকে পুলিশ আটক করেছিল বলে অভিযোগ। সে বিষয়ে সোমবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। তখনই প্রধান বিচারপতি ওই মন্তব্য করেছেন।

আইনজীবীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ এবং সেই সংক্রান্ত উদ্বেগ সোমবার শীর্ষ আদালতে ব্যক্ত করেন সিনিয়র আইনজীবী আত্মারাম নাদকর্নি এবং সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রদীপ রাই। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যদের বেঞ্চ মঙ্গলবার মামলাটি শুনবে বলে জানিয়েছে। এ বিষয়ে কথা বলতে গিয়েই বিচারপতি কান্তের মন্তব্য, ‘‘এই সমস্ত গণতান্ত্রিক কার্যকলাপ চালিয়ে যাওয়া উচিত। তবে সুপ্রিম কোর্টের কাজকর্মের ক্ষেত্রে…আমি আন্দোলনকারীদের কাছেও অনুরোধ করেছি। সুপ্রিম কোর্টকে কোনও ধরনের রাজনীতির মধ্যে টেনে আনা উচিত নয়।’’

আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতির বার্তা, ‘‘শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করুন। কিন্তু আইনজীবী, আদালতের কর্মী, মামলা-মোকদ্দমার সঙ্গে যুক্ত যাঁরা, তাঁদের কার্যক্রমে যেন কোনও ভাবেই বাধা না আসে।’’

উল্লেখ্য, কংগ্রেস-সহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাংসদেরা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সোমবার। কিন্তু তিনি রাহুল, মমতা বন্দ্যোপাধ্যায়দের আবেদন খারিজ করে দিয়েছেন। কেন দেখা করতে পারবেন না, তা ইমেলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তবে এ-ও বলেছেন, সুপ্রিম কোর্টের দরজা দেশের সকল নাগরিকের জন্য খোলা আছে। যে কেউ যে কোনও বিষয়ে আবেদন জানাতে পারেন। আদালত তার সমাধানের চেষ্টা করবে আইন মেনে।

জ্ঞানেশের পদত্যাগের দাবিতে এবং এসআইআর বাতিল করতে চেয়ে সিজেপি পথে নেমেছিল গত শনিবার, ১০ অক্টোবর। তাদের প্রতিবাদ কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। জমায়েত রুখতে নানা পদক্ষেপ করা হয়েছিল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ