দেশ 

জ্ঞানেশ কুমারকে রাজসাক্ষী হওয়ার পরামর্শ দিলেন রাহুল গাঁধী!

শেয়ার করুন

‘ভোটচুরির’ বিরুদ্ধে করা মামলায় জ্ঞানেশ কুমারকে রাজসাক্ষী হওয়ার পরামর্শ দিলেন রাহুল গাঁধী। সোমবার দুপুরে দিল্লির কংগ্রেস দফতরে একটি সাংবাদিক বৈঠক করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল। সেখানেই তিনি দাবি করেন, ভয়ে রাতে ঘুমোতে পারছেন না দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ। তিনি সাংবাদিক বৈঠকটিও দেখছেন বলে দাবি করেন রাহুল।

রাহুল বলেন, “জ্ঞানেশ কুমার ভয়ে আছেন। রাতে ঘুমোতে পারছেন না।” একই সঙ্গে রাহুলের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, “বার্তা আসছে। উনি (জ্ঞানেশ) নিজেও এই সাংবাদিক বৈঠক দেখছেন।” জ্ঞানেশকে কী বার্তা দিতে চান, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে রাহুল বলেন, “রাজসাক্ষী হয়ে যান। পদত্যাগ করুন। সেটাই হবে আপনার দেশসেবা। আপনি (জ্ঞানেশ) অপরাধ করেছেন। কিন্তু সত্যি বলতে কী, আপনি মূল অপরাধী নন। আপনি ভুল করেছেন। কিন্তু এই ভুলের নেপথ্যে আপনার মস্তিষ্ক নেই। আমরা জানি, আপনি কী পরিমাণ চাপের মধ্যে রয়েছেন।”

রাহুলের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, শিল্পপতি গৌতম আদানি জ্ঞানেশের উপর চাপ সৃষ্টি করছেন। জ্ঞানেশ পদত্যাগ না-করলে এবং দেশের নির্বাচনী ব্যবস্থায় সংস্কার না-হলে আন্দোলন থেকে না-সরার বার্তা দিয়েছেন রায়বরেলীর কংগ্রেস সাংসদ। রাহুলের কথায়, “সংবিধান আক্রান্ত হচ্ছে। এই প্রতিরোধ একদিনের নয়। আমরা থামব না। এটা চলবে। জনআন্দোলন হবে এটা।”

রাহুলের দাবি মোদী সরকারের অন্তত ২০০ জন আধিকারিক বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তথ্য সরবরাহ করছেন। লোকসভার বিরোধী দলনেতা বলেন, “আমি প্রধানমন্ত্রী মোদীকে বলতে চাই, আপনার সরকারের ২০০ জন আধিকারিক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁরা আমাদের হাতে তথ্য তুলে দিচ্ছেন। রাহুলের এ-ও দাবি যে, ৫০ শতাংশ পুলিশ আধিকারিক জানিয়েছেন যে, বিরোধীরা ঠিক কাজ করছেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়া উচিত।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ