দিগনগর মাদ্রাসায় দোয়ার মজলিসে মাদ্রাসার উন্নয়নের ডাক, পুনর্গঠিত হচ্ছে শূরা ও জেনারেল কমিটি
নিজস্ব প্রতিবেদক: মাদ্রাসার সার্বিক উন্নয়ন, দ্বীনি শিক্ষার প্রসার এবং আগামী দিনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে দিগনগর মাদ্রাসা মঈনুল উলূমে অনুষ্ঠিত হল এক আজিমুশশান দোয়ার মজলিস। রবিবারের এই অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, পরিচালন কমিটির সদস্য, আলেম-উলামা, অভিভাবক-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাদ্রাসার শান্ত ও ধর্মীয় পরিবেশে অনুষ্ঠিত এই মজলিসে প্রতিষ্ঠানের উন্নতি ও সমৃদ্ধির পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দেশ ও সমাজের শান্তি এবং মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণের জন্যও প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানকে ঘিরে মাদ্রাসার শূরা কমিটি ও জেনারেল কমিটি পুনর্গঠন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। মাদ্রাসার শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ উন্নয়নমূলক কাজকে গতিশীল করার উদ্দেশ্যে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আলোচনায় মুফতি জালাল উদ্দিন সাহেব বলেন, একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে শুধু পরিচালকদের নয়, সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। পারস্পরিক পরামর্শ, ঐক্য ও সহযোগিতার মাধ্যমে দিগনগর মাদ্রাসা মঈনুল উলূমকে আরও উন্নত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে আবেগঘন পরিবেশে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ভবিষ্যৎ উন্নয়ন ও শিক্ষা কার্যক্রমে সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার বাসীর কয়াল, মোঃ নিজামুদ্দিন, সেখ আফতাব উদ্দিন, আকবার সহ এলাকার চার শতাধিক শিক্ষা প্রেমিকেরা।
এদিন মাদ্রাসা কমিটির আমীর নির্বাচিত হন মুফতি জালাল উদ্দিন সাহেব, সভাপতি নির্বাচিত হন মোঃ নিজামুদ্দিন সাহেব, সহ সভাপতি নির্বাচিত হন ইন্জিনিয়ার বাসীর কয়াল, সম্পাদক নির্বাচিত হন সেখ আফতাব উদ্দিন সাহেব।

