৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ‘শক্তির সপ্তধারা’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী! কী সেই ‘শক্তির সপ্তধারা’
৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ‘শক্তির সপ্তধারা’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সপ্তসিন্ধুর প্রসঙ্গ টেনে জানিয়েছেন, এই সাতটি ধারাই দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার যে লক্ষ্য স্থির করেছে মোদী সরকার, তার কান্ডারি হয়ে থাকবে সাত শক্তি। মোদী জানিয়েছেন, স্বপ্ন সফল করার জন্য সাতটি ক্ষেত্রেই জোর দেওয়া হচ্ছে।
দেশের উন্নয়নের লক্ষ্যে সাত দফা সংস্কার কর্মসূচির কথা বলেছেন মোদী। তার মধ্যে প্রথমেই রয়েছে উৎপাদন শক্তি। দেশের নানা প্রান্তে উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে জোর দেবে সরকার। তবেই বিকাশের পথ প্রশস্ত হবে। এ ছাড়া, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, প্রযুক্তি ও উদ্ভাবন শক্তি, গতি শক্তি অর্থাৎ দেশের নানা প্রান্তে দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক শক্তি এবং ভারতের ‘সফ্ট পাওয়ার’।
অর্থনীতির ক্ষেত্রে দু’ধরনের বিষয়ে জোর দেওয়ার কথা বলেছেন মোদী— পরিবেশবান্ধব অর্থনীতি (গ্রিন ইকোনমি) এবং সমুদ্রবান্ধব অর্থনীতি (ব্লু ইকোনমি)। প্রথমটির ক্ষেত্রে পরিবেশের ক্ষতি না-করে কর্মসংস্থান তৈরি এবং অর্থনৈতিক অগ্রগতির উপায় সন্ধান হবে সরকারের প্রাধান্য। দ্বিতীয় ক্ষেত্রে সমুদ্র, নদী বা যে কোনও জলাশয়ের জলকে কাজে লাগিয়ে অর্থনীতির উন্নয়নের কথা বলা হয়। তবে সমুদ্র বা পরিবেশের ক্ষতি না করা এ ক্ষেত্রেও সরকারের অন্যতম অগ্রাধিকার। ‘সফ্ট পাওয়ার’ বলতে ভারতের ঐতিহ্য, সংস্কৃতি এবং বিভিন্ন দেশের সঙ্গে কূটনীতির মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখার কথা বলা হয়। মোদী উল্লেখ করেছেন যোগা, আয়ুর্বেদ এবং পর্যটনের কথা। সামরিক শক্তি প্রয়োগ না করেই এগুলির মাধ্যমে দেশকে বিশ্বের দরবারে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। মোদী সেই ক্ষমতার কথাই স্মরণ করিয়ে দিয়েছেন স্বাধীনতা দিবসের উদ্যাপনে।
এর আগে ২০২২ সালে দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লা থেকে ‘পাঁচ প্রতিজ্ঞা’-র কথা বলেছিলেন মোদী। এ বার শক্তির সপ্তধারায় জোর দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করলেন প্রধানমন্ত্রী। ভারতে তৈরি জিনিসপত্র সারা পৃথিবীর বাজারে ছড়িয়ে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য। মোদী বলেন, ‘‘সারা বিশ্ব যখন নিজের কথা ভাবছে, ভারত শুধুমাত্র একটা বাজার হয়ে থেকে যেতে পারে না। আমাদের সারা বিশ্বের কাছে সরবরাহকারী হয়ে উঠতে হবে। দেশের অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থাকে তার জন্য শক্তিশালী করে তুলতে হবে। ভারতে তৈরি ৬জি যোগাযোগ ব্যবস্থা আগামী দিনে দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়বে, আশাবাদী প্রধানমন্ত্রী।

