‘পরের ভোট চলে আসবে তো’! এসআইআর ট্রাইবুনালের গতি দেখে মন্তব্য সুপ্রিম কোর্টের! চাঞ্চল্য রাজ্যজুড়ে
পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তৎকালীন তৃণমূল সরকারের সংঘাত চলছিল। সেই আবহে আদালতের নির্দেশে এসআইআরে বাদ পড়া ভোটারদের আপিল শোনার জন্য ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তিন মাস হল বিধানসভা ভোট মিটে গিয়েছে। নতুন সরকার গঠিত হয়েছে। কিন্তু ট্রাইবুনালে আবেদন নিষ্পত্তির গতি নিয়ে শঙ্কিত সুপ্রিম কোর্ট। মঙ্গলবার কংগ্রেস নেতা অধীর চৌধুরীর মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত জানালেন, এ ভাবে চললে তো পরের নির্বাচনের আগেও আবেদন নিষ্পত্তি হবে না।
অধীরের দাবি, তাঁর জেলা মুর্শিদাবাদ এবং লাগোয়া মালদহ জেলায় অতিরিক্ত ট্রাইবুনাল গঠন করা হোক। কারণ, ওই দুই জেলায় আবেদনকারীর সংখ্যা বেশি। তুলনায় নিষ্পত্তি হচ্ছে কম। অতিরিক্ত ট্রাইবুনাল গঠন করে আবেদনগুলির দ্রুত নিষ্পত্তি চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।
মঙ্গলবার ওই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। অধীরের আইনজীবী ফিরদৌস শামিম ওই সংক্রান্ত তথ্য দেন আদালতে। যার প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। তাদের পর্যবেক্ষণ, কত নিষ্পত্তি হয়েছে, তা নিয়ে নির্দিষ্ট তথ্যই পাওয়া যাচ্ছে না। বিচারপতি বাগচী মন্তব্য করেন, ‘‘শুধু ট্রাইবুনালে আপিল করলেই হবে না। কতগুলো মামলার নিষ্পত্তি হয়েছে সেগুলোও দেখা দরকার।’’ তাঁর পরামর্শ, মামলার সংখ্যা বেশি হলে এবং নিষ্পত্তির গতি যদি না-থাকে, তবে নতুন করে ট্রাইবুনাল সাজানোর কথা ভাবতে হবে। কারণ, অনেকটাই সময় পেরিয়ে গিয়েছে। এ বার বিশেষ গুরুত্ব দিতে হবে। ওই প্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের মন্তব্য, ‘‘(নিষ্পত্তির) কাজ দ্রুত না হলে তো পরের ভোট চলে আসবে!’’ কমিশনের উদ্দেশে তিনি বলেন, ‘‘কাজ হচ্ছে কি হচ্ছে না, সেটা শুধু আপনারা বললেই হবে না। আমাদেরও দেখা দরকার সেখানে কী হচ্ছে। কারণ, ট্রাইবুনাল গঠন করেছি আমরাই।’’
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের এসআইআর মামলায় দু’পক্ষের পারস্পরিক আস্থা না-থাকায় নাম যুক্ত করা বা বাতিলের সিদ্ধান্ত নেবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা— এমন নির্দেশ দেওয়া হয়েছিল। মোট ২০টি ট্রাইবুনাল গঠন করা হয়েছিল। পরে দু’জন অবসরপ্রাপ্ত বিচারপতি সরে দাঁড়ান ওই কাজ থেকে। এখন রাজ্যে ২৪ জেলায় ১৮টি ট্রাইবুনালে আবেদনের নিষ্পত্তি হচ্ছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে বাদ যাওয়া প্রায় ৯১ লক্ষের মধ্যে কম-বেশি ২৭ লক্ষ মানুষ ট্রাইবুনালে আবেদন করেন। প্রথম প্রথম নিষ্পত্তির সংখ্যা দেওয়া হচ্ছিল। কিন্তু এখন সঠিক তথ্য নেই কমিশনের কাছেও।
এমতাবস্থায় মঙ্গলবার কমিশনের আইনজীবী দামা শেষাদ্রি নায়ডু জানান, সুপ্রিম কোর্ট যদি ট্রাইবুনালের কাঠামো বদলানো নিয়ে কোনও নির্দেশ দেয়, সেই অনুযায়ী বিষয়টি তাঁরা দেখবেন। বিচারপতি বাগচীর পরামর্শ, অনলাইনে তথ্য আপডেট দেওয়া এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিষ্পত্তিতে গতি আনা যায় কি না, দেখা যাক। তবে এখনও পর্যন্ত কত আবেদনের নিষ্পত্তি করেছে ট্রাইবুনাল, সেই তথ্য কমিশনকে জানাতে বলেছে সুপ্রিম কোর্ট।
অন্য দিকে, এসআইআরে নাম বাদ যাওয়া মানুষরা রেশন থেকে বঞ্চিত হচ্ছেন বলেও তথ্য দেওয়া হয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ বলে, এটি সম্পূর্ণ অন্য বিষয়। এ নিয়ে প্রয়োজনে হাই কোর্টে আবেদন করা যাবে।
সংশ্লিষ্ট মামলার পরবর্তী শুনানি ২৫ অগস্ট। সে দিন এসআইআর সংক্রান্ত বেশ কয়েকটি মামলার শুনানি রয়েছে।

