৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন
নিজস্ব সংবাদাতা: পূর্ব বর্ধমান, ৯ আগস্ট : জামালপুর আবুজহাটী বিরসা মুন্ডা ক্লাবের আয়োজনে ও ফেডারেশন অফ আদিবাসী অর্গানাইজেশনের উদ্যোগে পূর্ব বর্ধমান জামালপুর থানার আবুজহাটী গ্রামের বাণী বিদ্যাপীঠ হাই স্কুল প্রাঙ্গণে আন্তর্জাতিক আদিবাসী দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন হলো। ঝাপানডাঙ্গা স্টেশন থেকে স্কুল পর্যন্ত দীর্ঘ পদযাত্রায় অংশগ্রহণ করেন এলাকার আদিবাসী মানুষ সহ অনেক আদিবাসী সমাজের গুণীজনেরা।
পদযাত্রার শেষে উপস্থিত গুণীজনদের আদিবাসীদের পরম্পরাগত পদ্ধতিতে আপ্যায়ণ করা হয়। আদিবাসী বীর শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান ও পতাকা উত্তোলনের পর শুরু হয় অনুষ্ঠান। এ ছাড়া বৃক্ষরোপণের সূচনা করেন সাহিত্যিক সম্পাদক দুর্গাদাস সরেন।মঞ্চে উপস্থিত ছিলেন ফেডারেশন অফ আদিবাসী অর্গানাইজেশনের সভাপতি সারদা প্রসাদ কিস্কু, সহ সভাপতি নেপাল চন্দ্র সিং, সম্পাদক পরিমল হাঁসদা, বৈদ্যনাথ হেমব্রম, বিভীষণ সরেন, সত্য চরণ সরদার, চিত্তরঞ্জন মাঝি, বাপি কিস্কু , জগন্নাথ টুডু , সুশীল মুন্ডা, পাহান জগন্নাথ সিং, পীড় পারগানা ধনঞ্জয় সরেন সহ অনেক মাঝি বাবা, পাহান বাবা, পারানিক বাবা, জগপারানিক বাবা, মুলুক পারগানা বাবা সহ অনেকেই। পাহান বাবা গুহীরাম মুন্ডা সহ প্রত্যেক সামাজিক বাবাদের সম্বর্ধনা দেওয়া হয়।
এছাড়া ফেডারেশন অফ আদিবাসী অর্গানাইজেশনের এর পক্ষ থেকে 2025 শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়।
বক্তাদের অনেকেই বিশ্ব আদিবাসী দিবস উদ্যাপনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন রাখেন। সংগঠনের অভিযোগ আদিবাসীদের সাংবিধানিক অধিকার, ভাষা, সংস্কৃতি, শিক্ষা ও সামগ্রিক উন্নয়নের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় দীর্ঘদিন ধরে উপেক্ষিত।
বক্তাদের অনেকে বলেন, বিশ্ব আদিবাসী দিবস শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে পালন করলেই হবে না; আদিবাসী সমাজের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিক্ষা, কর্মসংস্থান, মাতৃভাষায় শিক্ষার প্রসার, ভূমির অধিকার, সংরক্ষণ এবং সাংবিধানিক স্বীকৃতির প্রশ্নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।উপস্থিত বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন সরকারি প্রকল্পের সুফল এখনও বহু আদিবাসী মানুষের কাছে পৌঁছায়নি।
আদিবাসী অধ্যুষিত এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের পরিকাঠামো আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করার পক্ষে মত পোষণ করা হয়। পাশাপাশি, সরকারি দপ্তরগুলিতে আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলেন।
প্রধান অতিথি দুর্গাদাস সরেন আদিবাসীদের মাতৃ ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার পাশাপাশি যুবসমাজের জন্য উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা জরুরী বলে মন্তব্য করেন। আরও বলেন সংবিধানপ্রদত্ত অধিকার যথাযথভাবে বাস্তবায়ন না হলে, আদিবাসী সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।
বক্তারা আরও বলেন, বিশ্ব আদিবাসী দিবসকে কেন্দ্র করে শুধুমাত্র প্রতীকী কর্মসূচি নয়, বরং আদিবাসীদের বাস্তব সমস্যার স্থায়ী সমাধানে সরকারী ভাবে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে বলে জোর দেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিনের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের পথেও হাঁটতে বাধ্য হবেন তাঁরা।
বক্তাদের বক্তব্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রান্তিক আদিবাসীদের দুরবস্থার কথা উঠে আসে। অনুষ্ঠান মঞ্চ থেকে দেশের আদিবাসীদের সমস্যা সমাধানে রাষ্ট্রপতির নিকট 25 দফা দাবি সনদ পেশ করা হয়।

