প্রচ্ছদ 

ভাষাশিক্ষা ও হাতে-কলমে বিজ্ঞানে জোর: বারাসাতে অনুসন্ধান সোসাইটির উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

শেয়ার করুন

বারাসাত, ৯ আগস্ট: প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং আগামী দিনের শিক্ষাদিশা নির্ধারণে উত্তর ২৪ পরগনার জেলা পরিষদ ভবন তিতুমীর সভাকক্ষে অনুষ্ঠিত হল একটি বিশেষ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা। আজ, রবিবার ‘অনুসন্ধান সোসাইটি’ এবং ‘বেঙ্গল চাইল্ড মডেল ইনস্টিটিউট’-এর যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। মূলত ভাষা শিক্ষা, বিজ্ঞানমনস্কতা, বাস্তব জীবনে গণিতের ব্যবহার এবং শিশু ও তার পরিবারের মানসিক গঠনের ওপর এই কর্মশালায় বিশেষ জোর দেওয়া হয়।

প্রাক্ -প্রাথমিক ও প্রাথমিক শেখা শিখি নামক বুলেটিন প্রকাশের মাধ্যমে এদিন অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথিরা। এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, মাননীয় অধ্যাপক দীপক রঞ্জন মন্ডল এবং মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুসন্ধান সোসাইটির সভাপতি বিশিষ্ট শিক্ষাপ্রসাদ মাননীয় দিব্য গোপাল ঘটক। সমগ্র অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী অবসরপ্রাপ্ত আইএএস মাননীয় লিয়াকত আলী। কর্মশালায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে আধুনিক যুগে প্রাথমিক শিক্ষার গুরুত্ব এবং শিক্ষকদের ভূমিকার কথা তুলে ধরেন।

এদিনের প্রশিক্ষণ শিবিরে অভিজ্ঞ রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের মূল্যবান পরামর্শ ও প্রশিক্ষণ দেন ডঃ সন্দীপ রায়, জহরলাল নাইয়া, শেখ শাহিদ আলী, শেখ আলী আহসান, দোলন মুখোপাধ্যায়, শেখ আহাসান আলী, গৌরাঙ্গ সরখেল প্রমুখ । বক্তারা অত্যন্ত সহজ সরল ভাষায় বাস্তবমুখী শিক্ষার বিভিন্ন দিক আলোচনা করেন। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন নাফিস ইসমাত ও মাহরিন তৈয়েবা।

পরিশেষে অনুসন্ধান সোসাইটির সহ-সম্পাদক সাহাবুল ইসলাম গাজী উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এদিন কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল মডেল তৈরি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় শিক্ষকেরা তাঁদের সৃজনশীলতা প্রদর্শন করেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকার করে বেঙ্গল চাইল্ড মডেল ইনস্টিটিউট। দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে অগ্নিবীণা কিন্ডারগার্টেন একাডেমি এবং ভাসালিয়া রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাপীঠ। অঞ্চলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে এই প্রশিক্ষণ শেষ করেন, যা আগামী দিনে শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রীদের সার্বিক বিকাশে বিশেষ সাহায্য করবে বলে আশাপ্রকাশ করেছেন উদ্যোক্তারা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ