কলকাতা 

প্রকাশিত হলো উ.ক.বাংলা ভাষা চর্চা কেন্দ্রের পত্রিকা ‘সাহিত্য সমন্বয়’

শেয়ার করুন

সংবাদদাতা, বাংলার জনরব:: গত ২৮ জুন ২০২৬ রবিবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো সাহিত্য পত্রিকা ‘সাহিত্য সমন্বয় ‘। উত্তর কলকাতা বাংলা ভাষা চর্চা কেন্দ্রের মুখপত্র‌ সাহিত্য পত্রিকাটি আন্তর্জাতিক মাতৃভাষা সংখ্যা হিসেবে প্রকাশিত হয়। পত্রিকাটি সমবেতভাবে প্রকাশ করেন পত্রিকা সম্পাদক তথা সভাপতি জয়ন্ত রসিক, যুগ্ম সম্পাদক কবি মানিক দে, কথাশিল্পী সেখ আব্দুল মান্নান, বিশিষ্ট লেখিকা সবিতার বেগম, কবি অমর কুমার দাস, বিশিষ্ট লেখিকা সৈয়দ সোফিয়া নওয়াজ, কবি আলমগীর রাহমান, সমাজ সচেতন বিশিষ্ট ব্যক্তিত্ব নূরনবী জমাদার ও কবি নোটন ধর। প্রকাশিত হয় মানিক দে সম্পাদিত বিশেষ কাব্য সংকলন ‘শেষ থেকে শুরু’। উল্লেখ্য কবি লিপি চৌধুরী, নোটন ধর, অর্ণব দাস এবং মানিক দে’র কবিতা দিয়েই প্রকাশিত হয়েছে সংকলনটি।

ইদানীং সাহিত্য সংস্কৃতি মঞ্চ এর উদ্যেগে আয়োজিত এদিনে অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাংলা সাহিত্যে অবদান সম্পর্কিত একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট লেখিকা ও অভিনেত্রী সবিতার বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জয়ন্ত রসিক, সবার খবর পত্রিকার সম্পাদক কিংশুক ভট্টাচার্য, সেখ আব্দুল মান্নান, মানিক দে ও নূরনবী জমাদার।

এদিন অনুষ্ঠানের শুভ সূচনায় সমবেতভাবে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ‘পদার্পণ’ পত্রিকার সংগীত শাখার প্রধান শর্মিষ্ঠা মাজি কৃষ্ণা ব্যানার্জী, সুজাতা চক্রবর্তী ও নমিতা দাস। কলকাতা ৭বি অবিনাশ চৌধুরী লেনে নাট্যব্যক্তিত্ব ও চর্চা কেন্দ্রের সভাপতি জয়ন্ত রসিকের বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলের এক ঝাঁক কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। ছিলেন কবি আলমগীর রাহমান, অমর কুমার দাস,সৈয়দ সোফিয়া নওয়াজ, জাহানারা রহমান, ডা. লহরি বড়াল চক্রবর্তী, বাবুলাল সোরেন, ফারুক আহমেদ মোল্লা, তনুকা রায়(কনিষ্ঠ),পদ্মা সাহা, লিপি চৌধুরী, নোটন ধর, আরতি দে, প্রমুখ। একটি মর্মস্পর্শী স্বরচিত গল্প পাঠ করে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন বিশিষ্ট লেখিকা বেবী দাস।

স্বরচিত কবিতার পাশাপাশি রবীন্দ্র নজরুল কবিতা আবৃত্তি ও একগুচ্ছ সংগীত অনুষ্ঠানটিকে আরও উপভোগ্য করে তোলে। রবীন্দ্রনাথের ‘আফ্রিকা’ আবৃত্তি করেন পার্থ ঘোষ, রেনা রায় আবৃত্তি করেন নজরুল ইসলামের ‘,যদি বাঁশি আর না বাজে’ কবিতাটি। সংগীত পরিবেশন করেন শিল্পী প্রশান্ত দাস ও স্নিগ্ধা সাহা।

বিশিষ্ট সংস্কৃতিপ্রিয় ব্যক্তি নবীন চন্দ্র ও তনুর ব্যবস্থাপনায় আয়োজিত মনোজ্ঞ অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন জয়ন্ত রসিক।

__________________________________


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ