রাম মন্দিরে দানের টাকা চুরির অভিযোগে চম্পত রাইয়ের বিরুদ্ধে এফ আই আর?
‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের বিরুদ্ধে এফ আই আর? প্রণামীর টাকা চুরিকাণ্ডে এ বার তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল পুলিশের কাছে।
রামমন্দিরের প্রণামীর টাকা চুরির ঘটনায় শুরু থেকেই চম্পতের বিরুদ্ধে ক্ষোভ জমেছিল অযোধ্যার আইনজীবীদের। তিনি অযোধ্যা ছেড়ে না-গেলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন আইনজীবীরা। এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে দল বেঁধে অযোধ্যার রাম জন্মভূমি থানায় যান তাঁরা। সেখানে ট্রাস্টের প্রাক্তন প্রধান চম্পতের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন আইনজীবীরা। চম্পতের বিরুদ্ধে এফআইআর রুজুর দাবি তোলেন তাঁরা।
প্রণামী চুরির ঘটনায় ধৃত আট জনের মধ্যে অন্যতম রামশঙ্কর যাদব ওরফে তিনু যাদব। তিনি আবার চম্পতের গাড়ির চালকও ছিলেন। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে চম্পত দাবি করেছেন, প্রণামী চুরিকাণ্ডের মূলে রয়েছেন সেই তিনুই।
বিতর্ক দানা বাঁধার পরই ট্রাস্টের পদ থেকে সরে দাঁড়ান চম্পত। ঘনিষ্ঠ মহলে তিনি জানান, স্বাধীন এবং নিরপেক্ষ তদন্তের খাতিরেই তিনি সরে দাঁড়াচ্ছেন। তবে এতেও অস্বস্তি পিছু ছাড়ল না তাঁর। চম্পতের পাশাপাশি ট্রাস্টে তাঁর দুই সহযোগী অনিল মিশ্র এবং গোপাল রাওয়ের বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের করেন অযোধ্যার আইনজীবীরা।
উল্লেখ্য, এমন এক সময়ে এই পদক্ষেপ করা হচ্ছে যখন বিশেষ তদন্তকারী দল (সিট) নিজেদের তদন্তের পরিধি আরও বিস্তৃত করছে। শীঘ্রই একটি বৈঠকে বসার কথা রয়েছে ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’। সেখানে চম্পতের বিষয়টিও উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এ অবস্থায় চম্পতের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের পর তদন্ত কোন দিকে মোড় নেয়, তা নিয়ে কৌতূহল বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, প্রণামীর টাকা চুরির মামলায় এখনও পর্যন্ত আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাতে চম্পতের গাড়ির চালক তিনু ছাড়াও রয়েছেন অবিনাশ শুক্ল, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মণীশকুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র এবং সুভাষ শ্রীবাস্তব। এনডিটিভি জানাচ্ছে, অভিযোগপত্র জমার আগেই চম্পতকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে। তবে কখন, কোথায়, কতক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে— সেটি স্পষ্ট নয়। সূত্রের দাবি, প্রণামী চুরির অভিযোগ সংক্রান্ত বিষয়ে তথ্য এবং নথিপত্র জমা দিতে বলা হয়েছে চম্পতকে।
সূত্রের ভিত্তিতে এনডিটিভি জানাচ্ছে, রামমন্দিরে প্রণামী চুরির ঘটনায় ঘনিষ্ঠ মহলে ইতিমধ্যে মুখ খুলেছেন চম্পত। ট্রাস্টের প্রাক্তন প্রধান ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, গোটা বিষয়টির মূলে তিনুই রয়েছেন বলে সন্দেহ করছেন তিনি। ঘনিষ্ঠদের কাছে চম্পতের দাবি, তাঁর বিশ্বাসের সুযোগ নিয়ে তিনু এই জালিয়াতি চালিয়েছেন বলে মনে করছেন তিনি।

