কলকাতা 

ফর্ম ৬ জমা কেন সিইও দফতরে প্রশ্ন তুলে বিক্ষোভ তৃণমূল, পাল্টা বিজেপি ধুন্ধুমার কমিশনের দফতরে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিসে ফর্ম ৬ জমা দিতে এসেছিলেন এক যুবক। তাঁকে ‘হাতেনাতে ধরে ফেলা হয়’। এমনই অভিযোগ তুলে সিইও অফিসের সামনে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী বিএলও-রা। রাস্তায় বসে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। কিছু ক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছোন বিজেপি কর্মীরাও। মারধরের অভিযোগ তুলে তাঁরাও সিইও অফিসের সামনে পাল্টা বিক্ষোভ দেখান।

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর বেলায় আচমকাই স্ট্র্যান্ড রোডে নতুন সিইও অফিসের সামনে হাজির হন তৃণমূলপন্থী বেশ কয়েক জন বিএলও। তাঁদের অভিযোগ, এক যুবক নাকি প্লাস্টিকের প্যাকেটে ভরে ফর্ম ৬ নিয়ে সিইও অফিসে জমা দিতে এসেছিলেন! তিনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। তাঁকে ধরে তৃণমূলপন্থী বিএলও-রা টানাটানি শুরু করেন। ক্যামেরায় ধরা পড়েছে, এক যুবক একতাড়া কাগজ বগলদাবা করে সিইও অফিসে ঢুকছেন। তবে সেগুলি কী কাগজ, তা স্পষ্ট নয়। আদৌ সেগুলি ফর্ম ৬ কি না, তা জানা যায়নি।

Advertisement

সিইও অফিসে ফর্ম ৬ জমা করার অভিযোগকে ঘিরে যখন তৃণমূলপন্থী বিএলও-রা বিক্ষোভ শুরু করেন, তখন হঠাৎই সেখানে উপস্থিত হন বিজেপি কর্মীরা। নেতৃত্বে দেখা যায় চৌরঙ্গীর বিজেপি প্রার্থী সন্তোষ পাঠককে। তাঁদের অভিযোগ, এক বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে। তবে কাকে মারধরের অভিযোগ করছে বিজেপি, তা স্পষ্ট নয়। তবে সিইও অফিসের সামনে তাঁরা বিক্ষোভ দেখানো শুরু করেন। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা স্লোগান দেয় বিজেপিও। আর তার ঠিক কিছুটা দূরে অবস্থানে বসে পড়েন তৃণমূলপন্থী বিএলও-রা।

 

ফর্ম ৬-কে কেন্দ্র করে কমিশনের সঙ্গে নতুন সংঘাত শুরু হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল এবং বিরোধী বিজেপির। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে সিইও অফিস গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিইও অফিস থেকে বেরিয়ে তিনি অভিযোগ করেন, নিজেদের ভোট সুরক্ষিত করতে বাইরের ভোটারদের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঠাঁই দেওয়ার চেষ্টা করছে বিজেপি। সে জন্যই সোমবার বস্তাভর্তি ফর্ম ৬ নিয়ে সিইও দফতরে জমা দিয়ে গিয়েছেন কয়েক জন। বিজেপি নেতা অমিত মালবীয়ের নির্দেশে ওই নামগুলো বেআইনি ভাবে রাজ্যের ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে বলে অভিযোগ। মঙ্গলবার এ নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ফর্ম ৬ জমা দিয়ে পশ্চিমবঙ্গের তালিকায় অন্য রাজ্যের ভোটারদের নাম ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, এমন অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দেন তিনি।

কী এই ফর্ম ৬? ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য ব্যবহৃত হয় এটি। এই ফর্মটি প্রধানত দুই শ্রেণির আবেদনকারী ব্যবহার করেন। এক, যাঁরা প্রথম বারের মতো ভোটার হওয়ার জন্য আবেদন করছেন। দুই, যাঁরা এক সংসদীয় বা বিধানসভা কেন্দ্র থেকে অন্যটিতে বাসস্থান পরিবর্তন করছেন। বয়স এবং বাসস্থানের প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র-সহ এই ফর্মটি পূরণ করে জমা দেওয়া ভোটার হিসেবে নিবন্ধন করার জন্য একটি বাধ্যতামূলক পদক্ষেপ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ