কলকাতা 

রবিবার আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ! সোম ও মঙ্গলেই ঠিক হয়ে যাবে কবে ভোট বাংলায়

শেয়ার করুন

রবিবার রাতেই কলকাতায় চলে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। থাকছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এ ছাড়াও বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশী কলকাতায় আসছেন। আগামী সোম এবং মঙ্গলবার শহরে তাঁদের ঠাসা কর্মসূচি রয়েছে। দফায় দফায় বৈঠক হবে রাজনৈতিক দল এবং প্রশাসনের সঙ্গে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ এখনও চলছে। তার মধ্যেই পশ্চিমবঙ্গে ভোটের দামামা বেজে উঠল।

ইতিমধ্যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। কলকাতাতেও তাদের রুট মার্চ শুরু হয়েছে। কমিশনের ফুল বেঞ্চের সূচি অনুযায়ী, আগামী রবিবার ৮ মার্চ রাতে তারা কলকাতায় আসছে। সোমবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে তাদের বৈঠক হবে। ১২টা ৪৫ মিনিট নাগাদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল কমিশনের ফুল বেঞ্চের সামনে ভাষণ দেবেন। কমিশনের প্রতিনিধিরা বলবেন তার পর। ওই দিনই বেলা ১টা ১৫ মিনিট থেকে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন আইনশৃঙ্খলারক্ষাকারী সংস্থার সঙ্গে কমিশন বৈঠক করবে। থাকবেন মোট ২৪টি সংস্থার প্রধান। এ ছাড়া, ভোটের প্রস্তুতি নিয়ে বৈঠক হবে জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গেও। বিকেল পর্যন্ত এই বৈঠক চলবে।

Advertisement

মঙ্গলবারও কমিশনের ফুল বেঞ্চের একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে এবং প্রশাসনের অন্য সিনিয়র আধিকারিকেরা মঙ্গলবারের বৈঠকে থাকবেন। সকাল সাড়ে ১০টা থেকে সেই বৈঠক শুরু হবে। বেলা সাড়ে ১২টা থেকে বুথ স্তরের আধিকারিকদের (বিএলও) সঙ্গে কথা বলবে কমিশনের ফুল বেঞ্চ। হবে সাংবাদিক বৈঠকও।

কমিশনের ফুল বেঞ্চে জ্ঞানেশদের সঙ্গে থাকছেন সিনিয়র ডেপুটি কমিশনার মনীশ গর্গ, পবনকুমার শর্মা, জ্ঞানেশ ভারতী, ডিরেক্টর জেনারেল আশিস গোয়েল, প্রধান সচিব এসবি জোশি, ডিরেক্টর মনোজ সি, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল, ডেপুটি ডিরেক্টর পি পবন এবং সচিব অপূর্বকুমার সিংহ। মঙ্গলবার মধ্যাহ্নভোজের পর দিল্লি ফিরে যাবেন জ্ঞানেশরা। বিকেল ৩টে ৫৫ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে তাঁদের বিমান রওনা দেবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ