আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুতে অবশেষে শোকপ্রকাশ ভারতের
সদ্যপ্রয়াত ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুতে অবশেষে শোকপ্রকাশ ভারতের। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন বিদেশ সচিব বিক্রম মিসরি। দিল্লিতে ইরানের দূতাবাসে গিয়ে শোকপুস্তিকায় সই করেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা-ইসরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয় খামেনেইয়ের। বিশেষজ্ঞদের একটি অংশের বক্তব্য, সাধারণত এধরনের হামলা রাতের অন্ধকারে চালানো হয়। কিন্তু খামেনেইয়ের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেতেই আর দেরি করেনি ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। তৎক্ষণাৎ ইরানের সুপ্রিম লিডারকে হত্যা করতে তৎপর হয় দুই দেশ। পরদিন অর্থাৎ রবিবার আমেরিকা ও ইসরায়েল ঘোষণা করে তাদের অভিযানে খামেনেইয়ের মৃত্যু হয়েছে। পরে ইরানও আনুষ্ঠানিকভাবে এই মৃত্যুর কথা জানায়। ৮৬ বছরের খামেনেই ১৯৮৯ সাল থেকে শাসকের ভূমিকা পালন করে আসছেন।

আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পর পরবর্তী সুপ্রিম লিডার বেছে নিয়েছে ইরান। জানা যাচ্ছে, দেশটির তিন সদস্যের অন্তর্বর্তী কাউন্সিলের তরফে খামেনেইয়ের পুত্র মোজতবা খামানেইকে এই পদের জন্য বেছে নেওয়া হয়েছে।

