এসআইআরের নথি যাচাই হবে আদালতের নজরদারিতে নির্দেশ শীর্ষ আদালতের
এসআইআর ইস্যুতে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সংঘাতে নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের। কার্যত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতে সিলমোহর দিল সর্বোচ্চ আদালত। মাইক্রো অবজার্ভার বা রোল অবজার্ভার নয়, এবার থেকে এসআইআর নথি যাচাইয়ের কাজ করবেন আদালত নিযুক্ত আধিকারিকরা। সেই ‘জুডিশিয়াল অফিসার’দের নিয়োগ করবে কলকাতা হাই কোর্ট। শুক্রবার এসআইআর মামলায় এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের।
কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি এই ‘জুডিশিয়াল অফিসার’দের নিয়োগ করবেন। জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ কিংবা প্রাক্তন বিচারকদের ‘জুডিশিয়াল অফিসার’ হিসাবে নিয়োগ করা যাবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘জুডিশিয়াল অফিসার’দের নির্দেশই চূড়ান্ত। তিনি যা বলবেন তা সুপ্রিম কোর্টের নির্দেশ হিসাবে ধরতে হবে। ‘জুডিশিয়াল অফিসার’দের নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে পুলিশসুপার এবং রাজ্য পুলিশের ডিজিকে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, শনিবার রাজ্য নির্বাচন কমিশনের সিইও মনোজ কুমার আগরওয়ালকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসতে হবে।থাকবেন রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যসচিব। নথি যাচাইয়ের পর আগামী ২৮ ফেব্রুয়ারি বেরবে এসআইআরের তালিকা।


