সুদীপকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার নেতা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার জনরব ডেস্ক : লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা হিসাবে নির্বাচিত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে ওই পদে ছিলেন প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূলের সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করছেন দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই তাঁর ওই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন মমতা।
গত কয়েক মাস ধরে সুদীপও অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন। তাঁর অসুস্থতা এতটাই গুরুতর যে, চলতি বাদল অধিবেশনে তাঁকে এক দিনও সংসদে দেখা যায়নি। তৃণমূলের একাংশের বক্তব্য, এ হেন পরিস্থিতিতে লোকসভায় দলনেতা বদল করা অনিবার্যই ছিল। অধিবেশনের মধ্যেই তা করে দিলেন তৃণমূলের সর্বময় নেত্রী। তৃণমূলের কাঠামো অনুযায়ী লোকসভা এবং রাজ্যসভার সংসদীয় দলের পৃথক দু’জন নেতা রয়েছেন। রাজ্যসভার সংসদীয় দলনেতা ডেরেক ও’ব্রায়েন। লোকসভায় ছিলেন সুদীপ। তাঁর বদলে হলেন অভিষেক। এই দুই দলেরই মাথায় রয়েছেন মমতা। তিনি দুই কক্ষের সংসদীয় দলের চেয়ার পার্সন।

সোমবার সাংসদদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন মমতা। সেখানেই তিনি সুদীপের খোঁজ করেন। সুদীপ জানান দেন, তিনি বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠকে উপস্থিত একাধিক সাংসদ জানান, মমতা সুদীপকে বলেন, অসুস্থতার জন্য লোকসভার নেতাকে সংসদে বাদল অধিবেশনে দেখাই যায়নি। সুদীপ যেন বিশ্রাম নেন। তাঁর বদলে অভিষেক লোকসভার কাজকর্ম দেখবেন। বৈঠকে উপস্থিত এক সাংসদের কথায়, ‘‘সুদীপ’দা তখন নেত্রীকে বলেছিলেন, তিনি সুস্থ হয়ে গিয়েছেন। নেত্রী চাইলে তিনি কালকেই (মঙ্গলবার) দিল্লি পৌঁছে যেতে পারেন। কিন্তু নেত্রী তাঁকে বলেন, তার প্রয়োজন নেই। সুদীপদা যেন পুরোপুরি সুস্থ হয়ে সংসদে যান। অভিষেকই এখন থেকে লোকসভার দলনেতার কাজ করবেন। কারা কোন বিষয়ে, কখন বক্তৃতা করবেন, তা-ও অভিষেকই ঠিক করবেন। চূড়ান্ত তালিকা মমতাকে দেখিয়ে নেবেন।’’ তার পরে সুদীপ আর কিছু বলেননি।

