কলকাতা 

নারকেলডাঙার একটি কাগজের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : নারকেলডাঙার একটি কাগজের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার সকাল আটটা নাগাদ একটি কাগজের বাক্স তৈরির কারখানা থেকে গলগল করে কালো ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে আগুনের শিখাও দেখা যায়। ওই কারখানার উপরের ফ্ল্যাটে থাকেন আবাসিকরা। তাই স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তড়িঘড়ি ফ্ল্যাট থেকে বেরিয়ে আসেন তাঁরা। আগুন নেভানোর কাজে হাত লাগান।

এদিকে, খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। ঘিঞ্জি এলাকায় কারখানা হওয়ায় যদিও কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুন নেভাতে গিয়ে দুজন দমকল কর্মী জখম হন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যদিও পুরোপুরি এখনও আগুন নেভানো সম্ভব হয়নি। স্থানীয়দের অভিযোগ, ওই কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না। সে কারণেই অঘটন। কারখানার মালিক স্থানীয় নন। তাঁর সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ