কলকাতা দেশ 

একই এপিক নাম্বারে একাধিক ভোটারের নাম! মঙ্গলবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে অভিযোগ জানাতে যাচ্ছেন তৃণমূলের দশ সাংসদ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : মমতা বন্দ্যোপাধ্যায় গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত তৃণমূল কংগ্রেসের এক সভায় অভিযোগ করেছিলেন একই এপিক নাম্বারে একাধিক ভোটারের নাম রয়েছে। পশ্চিমবাংলার ভোটারদের এপিক কার্ডের সঙ্গে গুজরাট হরিয়ানা রাজ্যের একই এপিক কার্ডের সন্ধান পাওয়া গেছে। মমতার এই অভিযোগ সামনে আসার পর বিভিন্ন মহল থেকে নানা ধরনের আক্রমণ ভেসে এলেও শেষ পর্যন্ত নির্বাচন কমিশন মমতার অভিযোগে সীলমোহর দিয়েছে। রীতিমত বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন জানিয়েছে যে একই এপিক নম্বরে একাধিক ভোটার কার্ড রয়েছে। ভবিষ্যতে এই ধরনের একই নাম্বারের এপিক কার্ড থাকবে না বলেও আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন।

এরপরেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে আবেদন করা হয়েছিল বিষয়টি নিয়ে তারা সরাসরি কথা বলার জন্য। আগামী মঙ্গলবার ১১ই মার্চ বিকেল সাড়ে পাঁচটায় জাতীয় নির্বাচন কমিশনের দিল্লির দফতরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন কমিশনের ফুল বেঞ্চ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন।

Advertisement

তৃণমূলের ওই প্রতিনিধি দলে থাকছেন মোট ১০ জন। রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার। রয়েছেন সাগরিকা ঘোষ, কীর্তি আজ়াদ, সাজদা আহমেদ, অসিতকুমার মাল, আবু তাহের খান, প্রকাশ চিক বরাইক এবং সাকেত গোখলে। অন্য দিকে, তৃণমূলের তোলা একই এপিক নম্বরে একাধিক নাম সংক্রান্ত অভিযোগ স্বীকার করেছে নির্বাচন কমিশনও। তারা বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ত্রুটিপূর্ণ ভোটার কার্ডের ব্যাপারে তিন মাসের মধ্যে যথাযথ পদক্ষেপ করা হবে। তাতে সংশ্লিষ্ট ভোটারদের জাতীয় ইউনিক নম্বর দেবে কমিশন। আগামী দিনে দেশ জুড়ে নতুন ভোটারদের জন্য জাতীয় ইউনিক নম্বর চালু হবে।

অন্য দিকে, ‘ভূতুড়ে ভোটার’ নিয়ে অভিযোগ জানাতে গত বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাসেরা। সংশ্লিষ্ট বিষয়ে রাজ্যের শাসকদল কোর কমিটির বৈঠকও করেছে। ফিরহাদ জানান, তাঁরা অভিযোগ করেছেন, ভিন্‌রাজ্যের ভোটারদের বাংলায় ‘ডবল এন্ট্রি’ করে ভোটার করা হচ্ছে। তৃণমূলের অভিযোগ, বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই এই ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন কমিশন নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। অন্য দিকে, তৃণমূলের বিরুদ্ধে ভোটার তালিকা প্রভাবিত করার অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরাও।

এই বিতর্কের মাঝে মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। একইসঙ্গে মনে করা হচ্ছে ভোটার লিস্ট ইস্যুতে এবার সংসদ সরগরম হতে পারে। আগামী সোমবার ১০ই মার্চ থেকে সংসদ অধিবেশন শুরু হচ্ছে। প্রথম দিন থেকেই এ নিয়ে হাঙ্গামা হওয়ার সম্ভাবনা রয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ