জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস!
বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ সনাতনী জাগরন মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাস মঙ্গলবারও জামিন পেলেন না। আগামী একমাস তাকে চট্টগ্রামের জেলে কাটাতে হবে। আজ মঙ্গলবার ছিল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি কিন্তু শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়। সূত্রের খবর বাংলাদেশের চট্টগ্রামের কোন আইনজীবী এই সনাতনী জাগরণ মঞ্চের নেতার পক্ষে আদালতেই মামলা লড়াই করতে চাননি।
এই পরিস্থিতিতে আগামী ২ জানুয়ারি পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত রেখেছে চট্টগ্রাম আদালত। ফলে আরও এক মাস জেলেই থাকতে হবে সন্ন্যাসীকে। ঘটনাচক্রে ইসকনের কলকাতা শাখার মুখপাত্র রাধারমণ দাস সোমবার রাতে অভিযোগ করেছেন, চিন্ময়কৃষ্ণের আইনজীবীর উপর হামলা হয়েছে এবং তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।

চট্টগ্রামের এক স্থানীয় বিএনপি নেতার অভিযোগের ভিত্তিতে গত সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ পুলিশ গ্রেফতার করে চিন্ময়কৃষ্ণকে। রাষ্ট্রদ্রোহের মামলায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর থেকে প্রথমে তাঁকে আটক করে পুলিশ। পরে গ্রেফতার দেখানো হয়। পরের দিন (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে পেশ করা হয় সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণকে। কিন্তু জামিনের আর্জি মঞ্জুর হয়নি। তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় চট্টগ্রামের আদালত। সে দিন তাঁকে আদালত চত্বর থেকে প্রিজ়ন ভ্যানে তোলার সময় বিক্ষোভ দেখান চিন্ময়কৃষ্ণের অনুগামীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। সেই ঘটনার এক সপ্তাহ পরে মঙ্গলবার ফের চিন্ময়কৃষ্ণের জামিন মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। গত সপ্তাহে চট্টগ্রামে সনাতনী জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় যে অশান্তি হয়, সেই অশান্তি থেকে এক আইনজীবীর মৃত্যু হয় বলে সংবাদ। সেই আইনজীবীর মৃত্যুর পেছনে নাকি সনাতন জাগরণ মঞ্চের কর্মীরা রয়েছে বলে অভিযোগ।
২৬ নভেম্বরের ঘটনার পর এ দিন চট্টগ্রাম আদালত চত্বরে সকাল থেকেই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করে পুলিশ। বাংলাদেশি সংবাদমাধ্যমের দাবি আদালতে প্রচুর সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হয়। তবে মঙ্গলবার চট্টগ্রাম আদালতে হাজির করানো হয়নি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণকে।

