আন্তর্জাতিক 

হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার নতুন প্রধান নিযুক্ত হলেন ইয়াহিয়া সিনওয়ার। তিনি প্রাক্তণ কমান্ডার ইসমাইল হানিয়ার উত্তরসূরি হবেন।গতকাল মঙ্গলবার সংগঠনটি এ ঘোষণা দিয়েছে।

নতুন দায়িত্ব গ্রহণ করার আগপর্যন্ত যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় সিনওয়ার ছিলেন হামাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা। তিনি সংগঠনটির সশস্ত্র শাখার প্রধান ছিলেন।

Advertisement

এক সংক্ষিপ্ত বিবৃতিতে হামাস জানায়, ‘ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারকে রাজনৈতিক শাখার প্রধান নিযুক্ত করেছে। তিনি শহীদ কমান্ডার ইসমাইল হানিয়ার উত্তরসূরি হবেন। আল্লাহ তাঁকে (হানিয়াকে) ক্ষমা করুক।’

ইসমাইল হানিয়া গত ৩১ জুলাই ভোররাতে ইরানের রাজধানী তেহরানে এক গুপ্তহত্যায় নিহত হন। ধারণা করা হয়, ইসরায়েল তাঁকে হত্যা করেছে। কিন্তু ইসরায়েল এ বিষয়ে এখনো কিছু বলেনি।

৬১ বছর বয়সী সিনওয়ারকে গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে ধরা হয়। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন, আহত আরও কয়েক হাজার। এ ছাড়া দুই শতাধিক লোককে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।

এ হামলার জবাবে ওই দিন থেকেই গাজায় তাণ্ডব শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এ পর্যন্ত প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের অধিকাংশই নারী ও শিশু। হামলায় আহত হয়েছেন আরও প্রায় এক লাখ লোক।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ