West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঝড়বৃষ্টি চলবে কদিন? কী জানালো আবহাওয়া দফতর?
দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঝড়বৃষ্টি চলবে আরও কয়েক দিন। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতেও। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ। সঙ্গে জেলায় জেলায় দমকা হাওয়াও বইতে পারে।
বুধবার দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদে মাঝারি ঝড়বৃষ্টি হতে পারে। ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। উপকূলীয় দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। পূর্ব মেদিনীপুরে দুপুরে প্রবল বর্ষণ হতে পারে। পাশাপাশি মালদহ এবং দক্ষিণ দিনাজপুরেও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে।
আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় দমকা হাওয়া বইতে পারে। হতে পারে বজ্রপাতও। শুক্র এবং শনিবার দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে। রবিবারও উপকূলীয় দুই জেলা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বর্ষণ হতে পারে।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও একেবারে উত্তরের পাঁচ জেলা— দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে দুর্যোগের পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার। কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি। শুক্রবার জলপাইগুড়িতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তার পর থেকে উত্তরের জেলাগুলিতে দুর্যোগ কিছুটা কমবে। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে থাকবে।

