জেলা 

মালদহে এক সপ্তাহে ৬০টি নবজাতকের মৃত্যু হয়েছে মালদহ মেডিক্যাল কলেজে,রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

শেয়ার করুন

শিশুমৃত্যুর ভয়াবহ চিত্র মালদহে। এক সপ্তাহে ৬০টি নবজাতকের মৃত্যু হয়েছে মালদহ মেডিক্যাল কলেজে। একই দিনে মারা গিয়েছে ১০টি শিশু। এই ঘটনার পর ওই জেলার বিভিন্ন হাসপাতাল এবং নার্সিংহোমে অভিযান শুরু করেছেন স্বাস্থ্য আধিকারিকেরা। মালদহ মেডিক্যাল কলেজের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে কোনও একটি দিনেই ১০টি শিশুর মৃত্যু হয়। আর তৃতীয় সপ্তাহে সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০-এ। মালদহ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, যে ১০ নবজাতকের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে আটটি শিশুর জন্ম হয়েছে জেলার অন্য কোনও হাসপাতাল বা নার্সিংহোমে। আশঙ্কাজনক অবস্থায় তাদের সরকারি মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়েছিল। যে দিন ওই আটটি শিশুর মৃত্যু হয়, সে দিন মালদহ মেডিক্যাল কলেজে জন্ম নেওয়া দু’টি শিশুও মারা যায়।

ইতিমধ্যে শিশুমৃত্যুর তদন্ত শুরু হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। হাসপাতালের তরফে বলা হচ্ছে, কোনও শিশুর শ্বাসকষ্টের সমস্যা ছিল, কেউ ভুগছিল জন্ডিস তো কেউ হৃদ্‌যন্ত্রের সমস্যায়। তবে একই দিনে ১০ এবং এক সপ্তাহে ৬০টি শিশুর মৃত্যু প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। মালদহ মেডিক্যাল কলেজের সুপার প্রসেনজিৎ বর বলেন, ‘‘১০টি শিশুর মধ্যে মাত্র দু’জন শিশুর জন্ম হয়েছিল মালদহ মেডিক্যাল কলেজে। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় বাইরে থেকে মালদহ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছিল।’’ তিনি জানান, এ নিয়ে স্বাস্থ্য ভবন থেকে রিপোর্ট তলব করা হয়েছে। তাঁর প্রাথমিক রিপোর্ট পাঠিয়েছে৷ পূর্ণাঙ্গ রিপোর্টও দ্রুত পাঠাবে।

রাজ্যে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সূত্রে খবর, মালদহে যে ৬০টি শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৪৪টি শিশুর জন্ম হয়েছিল অন্য হাসপাতাল এবং নার্সিংহোমে। পরে বিভিন্ন শারীরিক সমস্যার কারণে শিশুদের মালদহ মেডিক্যাল কলেজে ‘রেফার’ করা হয়েছিল। বাকি ১৬টি শিশু ওই হাসপাতালে প্রসবের পরে মারা গিয়েছে।

স্বাস্থ্য আধিকারিকেরা বলছেন, যা ঘটেছে, তা উদ্বেগজনক। বিশেষ করে বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমে প্রসবের পর শিশুমৃত্যু নিয়ে প্রশ্ন উঠছে। মালদহ মেডিক্যাল কলেজকে রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই সঙ্গে জেলার বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলিতে অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে ওই জেলার ১৬টি নার্সিংহোম এবং হাসপাতালে অভিযান হয়েছে। পুরো বিষয়টি নিয়ে মালদহ মেডিক্যাল কলেজ, জেলা স্বাস্থ্য দফতর, জেলা প্রশাসন এবং পুলিশের সঙ্গে একপ্রস্ত আলোচনা হয়েছে বলে জানাচ্ছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা। বৃহস্পতিবার জেলাশাসকের দফতরে এ নিয়ে বৈঠক রয়েছে। এক আধিকারিকের কথায়, ‘‘একটি জেলায় একটি সপ্তাহে শিশুমৃত্যুর হার গোটা রাজ্যের শিশুমৃত্যুর পরিসংখ্যানকে প্রভাবিত করেছে। সারা দেশের প্রেক্ষিতেও উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। তদন্ত চলছে।’’

অন্য দিকে, বুধবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, ‘‘মালদহে শিশুমৃত্যুর হার বেড়েছে। আমরা রিপোর্ট চেয়েছি। কেন ঘটল, কী কারণে ঘটল, এ নিয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ