উত্তর ভারত জুড়ে চলছে শৈত্যপ্রবাহ,রাজধানী দিল্লীর তাপমাত্রা ১.৪, শৈত্যপ্রবাহের জেরে রাজস্থানে সরকারি ও বেসরকারি স্কুল কলেজ বন্ধ
বাংলার জনরব ডেস্ক : উত্তর ভারত জুড়ে চলছে শৈত্যপ্রবাহ যার জেরে দিল্লির তাপমাত্রা কমে দাঁড়ালো ১.৪ ডিগ্রি তাপমাত্রা।মৌসম ভবন সূত্রের খবর, সোমবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, এখনও পর্যন্ত এই মরসুমে এটাই সর্বনিম্ন তাপমাত্রা।
দিল্লি ছাড়াও পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের একাংশ, চণ্ডীগড় এবং রাজস্থানের কিছু এলাকায় শৈত্যপ্রবাহের ফলে তাপমাত্রা কমতে দেখা গিয়েছে। আগামী ৩ দিন উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা আরও কমতে পারে এবং ঘন কুয়াশা দেখা দিতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। আবহবিদদের অনুমান, উত্তর-পশ্চিম ভারত ছাড়াও মধ্য ভারতের একাংশে সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েক দিনে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় উত্তর ভারতে বেশ কিছু ট্রেন দেরিতে চলছে।

শৈত্যপ্রবাহের কারণে রাজস্থানের উদয়পুরে ১৮ জানুয়ারি পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি, ১৯ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত বেসরকারি স্কুলগুলিকে সকাল ৯টা থেকে দুপুর ৩টে পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

