ফের শীতের পূর্বাভাস বলছে আলিপুর আবহাওয়া দফতর
বাংলার জনরব ডেস্ক : কয়েকদিন তাপমাত্রা বাড়ার পর আজ রবিবার পর থেকে তাপমাত্রা কমতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর থেকে সংকেত দেওয়া হয়েছে। তবে শীত পড়লেও কাজে খুব বেশি মাত্রায় পড়বে না তা নিয়ে কোন সন্দেহ নেই।
হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। শনিবারও শহরের তাপমাত্রা ১৯ ডিগ্রি ছিল। গত কয়েক দিনে যেন আচমকাই উধাও হয়ে গিয়েছিল শীত।
আবহবিদরা জানিয়েছিলেন, পশ্চিমি ঝঞ্ঝার কারণে দুর্বল উত্তুরে হাওয়া শীতের এই সাময়িক এবং অকাল ‘ছুটি’র জন্য দায়ী। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার রাত থেকেই তাপমাত্রা আবার কমতে শুরু করবে। আবার চেনা মেজাজে ফিরবে শীতকাল।
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে তা ১ ডিগ্রি বেশি। রবিবারও শহরের তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আকাশ মেঘলা থাকলেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। গত ২৪ ঘণ্টাতেও বৃষ্টি হয়নি।
ডিসেম্বর মাসে রাজ্যে ছিল শীতের আকাল। তবে জানুয়ারি মাস পড়তেই পারদ নামে হু হু করে। কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্তে তাপমাত্রা অনেক কমে গিয়েছিল। মধ্য পৌষের শীতে জবুথবু হয়েছিল বাংলা।

