বিধানসভার শৌচাগার থেকে দেহ উদ্ধার! তদন্তে লালবাজার
সোমবার সকালে বিধানসভার শৌচাগারে মধ্যবয়স্ক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরে ওই ব্যক্তির নাম- উমেশচন্দ্র দাস (৪৬) বিধানসভার ক্যান্টিনে কাজ করতেন।
সকালে বিধানসভার ভিতরে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে যান হেয়ার স্ট্রিট থানার পুলিশকর্মী এবং লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকেরা। কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, উমেশ গত ১৫ বছর ধরে বিধানসভার ক্যান্টিনে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। সোমবার সকালে উমেশকে অচেতন অবস্থায় উদ্ধার করার সময় তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। এই ঘটনায় পুলিশের কাছে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি।

