মহাকরণ লাগোয়া অফিসে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই গুরুত্বপূর্ণ নথি!
মাঝরাতে কলকাতার বুকে ফের ভয়াবহ আগুন! মহাকরণ লাগোয়া একটি বহুতল অফিসে আচমকাই রাতে আগুন লেগে যায়। ভোরের দিকে তা নজরে আসে আশপাশের বাসিন্দাদের। দ্রুত দমকলে খবর দেওয়া হয়। ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে, কিন্তু ততক্ষণে বেশ খানিকটা ক্ষতি হয়ে গিয়েছে। সূত্রের খবর, অফিসের সমস্ত নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। কীভাবে আগুন লাগল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তদন্ত শুরু করেছে দমকল।
জানা যাচ্ছে, মহাকরণের ঠিক পিছনে, লায়ন্স রেঞ্জ এলাকায় একটি বহুতল বিল্ডিং রয়েছে। সেখানে অন্তত চার থেকে পাঁচটি সংস্থার অফিস। রবিবার ভোররাত প্রায় সাড়ে ৩টে নাগাদ সেই বিল্ডিং থেকে ধোঁয়া বেরতে দেখেন আশপাশের মানুষজন। সঙ্গে সঙ্গে দমকলে খবর পাঠানো হয়। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও ঢের ক্ষতি হয়ে গিয়েছে বলে খবর। দমকল কর্মীরা জানান, চারতলায় আগুন লেগেছিল, অফিসের সমস্ত নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। এমনকী কম্পিউটারও ভস্মীভূত হয়েছে। সকাল ৮টার পরও কোথাও কোথাও পকেট ফায়ার ছিল। তা নেভানোর কাজ করেছেন দমকল কর্মীরা। এই মুহূর্তে কুলিং প্রসেস চলছে বলে খবর। অগ্নিকাণ্ডের খবর পাঠানো হয়েছে সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষকে।
কীভাবে এত বড় আগুন লাগল? শর্ট সার্কিট নাকি অন্য কিছু? সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেননি দমকল কর্মীরা। আগুন পুরোপুরি নিভে গেলে তা খতিয়ে দেখা হবে। তবে দমকল সূত্রে খবর, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এত বড় ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের উৎস খুঁজতে দমকলের তরফে শুরু হচ্ছে তদন্ত। বহুতলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।

