বদরীনাথ থেকে জোশীমঠ যাওয়ার পথে ভেঙে পড়ল একটি যাত্রিবাহী হেলিকপ্টার! মৃত ৬
বদরীনাথ থেকে জোশীমঠ যাওয়ার পথে ভেঙে পড়ল একটি যাত্রিবাহী হেলিকপ্টার। উত্তরাখণ্ডের চমোলি জেলার জোশীমঠ এলাকায় টানা বৃষ্টি এবং মেঘের ঘনঘটার মধ্যে দিয়ে যাওয়ার সময় আচমকাই ওই হেলিকপ্টারের ভেঙে পড়ে বলে জানা গেছে। পরে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি জানান, ওই হেলিকপ্টারটি ভেঙে পড়েছে।
এখনও পর্যন্ত যা তথ্য পাওয়া গিয়েছে তা থেকে অনুমান জোশীমঠ এলাকার হাথি পর্বতের পিছনে ছায়ি গ্রামের কাছে ওই হেলিকপ্টারটি ভেঙে পড়তে পারে। ওই হেলিকপ্টারে পাঁচ জন যাত্রী ছিলেন। এ ছাড়াও, এক জন পাইলট ছিলেন ওই কপ্টারে। দুপুর ১টো ১৪ মিনিট নাগাদ বদরীনাথ থেকে উড়েছিল। জোশীমঠের এসডিএম চন্দ্রশেখর বশিষ্ঠের কথায়, ‘‘সেনাবাহিনী এবং আমাদের বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে। পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে যাচ্ছে।’’ ছ’জনের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে।
সমাজমাধ্যমে এক পোস্টে ধামি লিখেছেন, ‘‘জোশীমঠের কাছে ছায়ি গ্রামের কাছাকাছি একটি হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। জেলা প্রশাসন এবং এসডিআরএফের তরফে যৌথ তল্লাশি অভিযান শুরু হয়েছে। আমি নিজে পুরো বিষয়টির উপর নজর রেখেছি। গুরুতর আহতদের চিকিৎসার জন্য এয়ারলিফ্ট করার নির্দেশ দিয়েছি।’’
প্রতিকূল আবহাওয়া, অবিরাম বৃষ্টি এবং দৃশ্যমান্যতা কম থাকার কারণে ওই হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়তে পারে বলে সন্দেহ করা হচ্ছে। উত্তরাখণ্ডের সিভিল অ্যাভিয়েশন ডেভলপমেন্ট অথারিটি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে ওই হেলিকপ্টারটি ছিল ‘ট্রান্স ভারত অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডের।

