বিধান পরিষদ নির্বাচনে উত্তরপ্রদেশে বড় সাফল্য সমাজবাদী পার্টির, কর্নাটকে বিপর্যস্ত কংগ্রেস!
বিধান পরিষদ নির্বাচনে মোদী গড়ে ধাক্কা খেল বিজেপি। এই আসন নিজেদের দখলে রাখল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (এসপি)। ১১ আসনে দুই দলের মধ্যে জোর টক্কর চলছে। ইতিমধ্যেই ৫ আসনে জিতেছে বিজেপি। একটিতে এগিয়ে আছে। তিনটি আসনে জিতেছে এসপি। এগিয়ে দু’টিতে। যদিও নির্বাচন কমিশন এখনও পর্যন্ত ৬টি আসনের জয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তার মধ্যে শিক্ষকদের জন্য সংরক্ষিত পাঁচটি আসন এবং একটি স্নাতকদের জন্য সংরক্ষিত আসন।
বারাণসীতে শিক্ষকদের জন্য সংরক্ষিত আসনে জিতেছে এসপি। বারাণসীর শিক্ষক সংরক্ষিত আসনে বিজেপির প্রমোদকুমার মিশ্রকে ৪,৮৯৮ ভোটে হারিয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী লালবিহারী যাদব। উল্লেখ্য, ২০২০ সালের নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে প্রমোদ হেরেছিলেন মাত্র ৯৩৬ ভোটে। এ বার ব্যবধান অনেকটাই বাড়িয়ে জয় পেলেন লালবিহারী। এ ছাড়াও আগরা শিক্ষক, ঝাঁসী স্নাতকও নিজেদের দখলে রেখেছে । বারাণসী স্নাতক এবং লখনউ স্নাতক— এই দুই আসনে এগিয়ে রয়েছে তারা । অন্য দিকে, বিজেপির পাঁচ জয়ী আসনের মধ্যে রয়েছে, মেরঠ শিক্ষক, মেরঠ স্নাতক, বরেলী শিক্ষক, লখনউ শিক্ষক এবং আগরা স্নাতক। এগিয়ে রয়েছে গোরক্ষপুর শিক্ষক আসনে।
লখনউ স্নাতক এবং বারণসী স্নাতক এই দুই আসনে এসপি প্রার্থী অনেকটাই এগিয়ে রয়েছেন। উল্লেখযোগ্য, আগরার শিক্ষক আসন বিজেপির দখলে ছিল। এ বার সেখানে জয় নিশ্চিত করল অখিলেশের দল।
অন্য দিকে, কর্নাটকে বিধান পরিষদ (এমএলসি) নির্বাচনে বড় বিপর্যয় শাসকদল কংগ্রেসের। ওই রাজ্যে ক্ষমতায় থাকলেও এমএলসি নির্বাচনে বিশেষ সুবিধা করতে পারেনি তারা। চারটি আসনেই জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি এবং জেডিএস-এর এনডিএ জোট। বিজেপি জয়ী তিনটি আসনে। একটিতে জেডিএস। যে তিন আসনে বিজেপি জিতেছে সেগুলি হল, নর্থ-ইস্ট টিচার্স, ওয়েস্ট গ্র্যাজুয়েটস এবং সাউথ-ইস্ট গ্র্যাজুয়েটস। জেডিএস জিতেছে বেঙ্গালুরু টিচার্স আসন। খোদ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার এবং কংগ্রেসের গড়ে এই পরিণতি শাসকদলকে বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

