মহুয়ার নিরাপত্তা মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের
নিরাপত্তা নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন ১৫ অক্টোবর, বৃহস্পতিবারের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রককে সংশ্লিষ্ট মামলায় যুক্ত করতে হবে।
নিজের লোকসভা কেন্দ্রে বারংবার দুষ্কৃতীরা তাঁকে হেনস্থা করছে বলে অভিযোগ করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ। কখনও দলীয় কার্যালয়ে থাকাকালীন তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। কখনও গাড়িতে যাতায়াতের সময় হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। এর আগে কৃষ্ণনগরের সাংসদকে তাঁর লোকসভা কেন্দ্রের মধ্যে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। কিন্তু তার পরেও হামলার মুখে পড়েছেন মহুয়া।
এ বার মহুয়া আবেদন করেছেন, তাঁর জন্য সর্বক্ষণের নিরাপত্তাকর্মী মোতায়েন করা হোক। আদালত অবশ্য মহুয়ার অন্য একটি মামলায় তাঁর সাংসদ এলাকায় যাতায়াতের জন্য দু’জন নিরাপত্তারক্ষী মোতায়েনের নির্দেশ দিয়েছিল। সেই মামলায় গত ৭ অক্টোবর রাজ্যের বক্তব্য জানতে চেয়েছিল আদালত। সেই সঙ্গে বিচারপতি জানান, রাজ্যকে জানাতে হবে একজন সাংসদের নিরাপত্তার ক্ষেত্রে কী কী নিয়ম রয়েছে। বুধবার হাই কোর্টে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল (এএজি) রাজদীপ মজুমদার। তিনি আদালতকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রক এবং সাংসদের ইয়েলো বুক অনুযায়ী নিরাপত্তা পাচ্ছেন তৃণমূল সাংসদ মহুয়া। ইয়েলো বুক মেনেই সাংসদকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে।
পাল্টা মহুয়ার আইনজীবী অর্ক নাগের সওয়াল, তাঁর মক্কেলের নিরাপত্তায় একজন পিএসও রয়েছেন ঠিকই, কিন্তু তিনি মহুয়ার সঙ্গে সর্বদা থাকেন না। হামলার পরে সাংসদ অতিরিক্ত নিরাপত্তার আবেদন করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রক এই বিষয়ে পদক্ষেপ করতে পারে। তাই অমিত শাহের মন্ত্রককেও এই মামলায় যুক্ত করার অনুমতি দেওয়া হোক। দুই পক্ষের সওয়ালের পর বিচারপতি মহুয়ার আইনজীবীর আবেদন মেনে অনুমতি দিয়েছেন। আগামী ২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

