জেলা 

মেখলিগঞ্জ পুরসভায় ক্ষমতা দখল করল কংগ্রেস

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : তৃণমূলের কাছ থেকে একটা আস্ত পুরসভার ক্ষমতা কেড়ে নিল জাতীয় কংগ্রেস। রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিভিন্ন দিকে শুধুমাত্র বিজেপির জয়যাত্রা দেখা যাচ্ছিল। এবার উত্তরবঙ্গে দেখা গেল উলাট পুরান। উত্তরবঙ্গের মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান সহ ৬ কাউন্সিলর দলবদল করে কংগ্রেসের যোগ দেন।

ফলে হাতছাড়া হল তৃণমূল কংগ্রেসের (TMC) কোচবিহার জেলার ওই পুরসভা। ঘটনায় উত্তরের রাজনীতিতে যথেষ্ঠ শোরগোল ছড়াল। আজ, শুক্রবার কলকাতার প্রদেশ কংগ্রেসের দফতর বিধান ভবনে এই দলবদল হল। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের হাত ধরে এই দলবদল হয়েছে।

কোচবিহারের মেখলিগঞ্জ পুরসভা অত্যন্ত ছোট। মাত্র ৯টি ওয়ার্ড আছে এই পুরসভায়। চেয়ারম্যান প্রভাত পাটনি। এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদল হয়। কোচবিহার জেলাতেও উড়েছে গেরুয়া আবির। গোটা উত্তরবঙ্গে বিজেপির জয়জয়কার। রাজ্যে পালাবদলের পর একাধিক পুরসভা ভাঙছে। উত্তর ২৪ পরগনার বারাকপুর শিল্পাঞ্চলের একাধিক পুরসভার কাউন্সিলর, চেয়ারম্যানরা পদত্যাগ করছেন। সাধারণ মানুষের পরিষেবা কীভাবে দেওয়া হবে? সেই নিয়ে প্রশ্ন উঠেছে।

সেই আবহেই এবার রাজ্যের উত্তরবঙ্গের এক পুরসভা বদলে গেল। মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি ও ছয় কাউন্সিলর এদিন দলবদল করলেন। জানা গিয়েছে, তাঁরা এতদিন তৃণমূল কংগ্রেস করতেন। আজ, শুক্রবার কলকাতার প্রদেশ কংগ্রেসের দফতর বিধান ভবনে তাঁরা দলীয় পতাকা তুলে নিলেন। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, দেবপ্রসাদ রায়, বিশ্বজিৎ সরকার-সহ অন্যান্যরা। ন’জনের মধ্যে ৬ জন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন। এই মুহূর্তে ওই পুরসভা কংগ্রেসের দখলে গেল বলে খবর।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ