জেলা 

খড়গপুরের রাস্তা দখলমুক্ত করব, বাধা দিলে জেল হুঁশিয়ারি দিলীপের

শেয়ার করুন

একদিকে রাস্তা দখলমুক্ত করার কাজে বাধা দিতে এলে জেলের ভাত খাওয়ানোর হুঁশিয়ারি, অপরদিকে খড়গপুর পুরসভায় পরিষেবা দেওয়ার কাজে তৃণমূলের দ্বন্দ্বের জন্য চরম ব্যর্থতা নিয়ে সরব হলেন খড়গপুরের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

শুভেন্দু অধিকারী সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী বলেন, “খড়গপুরের বহু রাস্তা কবজা করে ব্যবসা চলছে। এসব আর চলবে না। খড়গপুরের রাস্তা দখলমুক্ত করব। পুজোর পর থেকেই ভাঙাভাঙি শুরু হবে। ভুল করে কেউ রাস্তায় নামবেন না। তা হলে বাড়ির ভাত খেতে দেব না। জেলের ভাত খেতে হবে। মানুষের অসুবিধা করে ধান্দা করে ব্যবসা করে রাজনীতি চলবে না। আর এই কাজে সকলের সহযোগিতা চাই।”

অপরদিকে, রবিবার রাতে শহরের গোলবাজার রামমন্দির অডিটোরিয়ামে খড়গপুর দশেরা উৎসব কমিটির বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি শহরে কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ার জন্য বর্তমান পুরবোর্ডকে একহাত নেন। শহরকে পরিচ্ছন্ন ও স্বচ্ছ করে গড়ে তোলার জন্য নাগরিকদের সচেতন হওয়ার পাশাপাশি বর্তমান পুরবোর্ডের ব্যর্থতা নিয়ে সরব হন। তিনি বলেন, “খড়গপুরকে সবচেয়ে পরিচ্ছন্ন ও স্বচ্ছ শহর বানাতে হবে। এখন সব থেকে অপরিচ্ছন্ন হয়ে রয়েছে। খড়গপুর একটি অপরিচ্ছন্ন ও নোংরা শহরে পরিণত হয়েছে। রাস্তাঘাট ভাঙাচোরা। দেখে আমার নিজেরই খারাপ লাগে।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ