জেলা 

গণতন্ত্রের নিঃশব্দ রক্ষক : বিলবোরাকোপরা যুবশক্তির হাতে সুষ্ঠু হেয়ারিং প্রক্রিয়ার দৃষ্টান্ত / মোস্তফা কামাল

শেয়ার করুন

মোস্তফা কামাল: তারিখ : ১ লা ফেব্রুয়ারি ২০২৬! ভোরের আলো ফোটার আগেই পঞ্চায়েত ভবনের সামনে জমতে শুরু করে মানুষের ভিড়। কারও হাতে কাগজ, কারও চোখে উৎকণ্ঠা, আবার কারও মনে সংশয়— আমার নাম আদৌ চূড়ান্ত তালিকায় উঠবে তো?, আবার কারো মনে প্রশ্ন এত স্বল্প সময়ে হাজার হাজার লোকের হেয়ারিং প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করা সম্ভব?

কিন্তু দিন শেষে সেই সংশয় রূপ নেয় আশ্বাসে। কারণ, সেখানে ছিল সংগঠিত স্বেচ্ছাসেবি সংস্থা—”বিলবোরাকোপরা উন্নয়ন মঞ্চ”।

Advertisement

মুর্শিদাবাদের লালগোলা বিধানসভার অন্তর্গত বিলবোরাকোপরা গ্রাম পঞ্চায়েত এলাকার কিছু শিক্ষিত ও সচেতন যুবকের মস্তিষ্কপ্রসূত ভাবনা থেকেই গড়ে ওঠে এই স্বেচ্ছাসেবী সংস্থা। সমাজ ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েই তাদের পথচলা।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে হেয়ারিং প্রক্রিয়া পঞ্চায়েত ভবনে অনুষ্ঠিত করার লক্ষ্যে বিলবোরাকোপরা উন্নয়ন মঞ্চের সদস্যরা ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে সুপারিশ জানায়। পাশাপাশি, হেয়ারিং প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়। সেই দায়িত্ববোধ ও প্রস্তুতিকে স্বীকৃতি দিয়ে ব্লক উন্নয়ন আধিকারিকও প্রস্তাবে মান্যতা দেন।

নির্বাচন কমিশনের নির্দেশক্রমে S.I.R প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ৩০, ৩১ জানুয়ারি এবং ১লা ফেব্রুয়ারি—এই তিন দিনব্যাপী প্রায় ১৪ হাজার মানুষের হেয়ারিং প্রক্রিয়াকে নির্বিঘ্ন করতে স্বেচ্ছাসেবকরা একাধিক কর্মসূচি গ্রহণ করেন। প্রান্তিক মানুষদের জন্য খোলা হয় হেল্প ডেস্ক—যেখানে ফর্ম পূরণ থেকে শুরু করে নথি সাজানো পর্যন্ত সব দায়িত্ব নেন স্বেচ্ছাসেবকরা। দীর্ঘ লাইনে বিশৃঙ্খলা এড়াতে শৃঙ্খলাবদ্ধ দাঁড়ানোর ব্যবস্থা করা হয় এবং S.I.R প্রক্রিয়ায় নিযুক্ত আধিকারিকদের জন্য নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা হয়।

মঞ্চের অন্যতম সদস্য মোঃ রুহুল আমিন জানান, এই স্বেচ্ছাসেবকদের মধ্যে কেউ চিকিৎসক, কেউ শিক্ষক, কেউ বা অন্য পেশার সঙ্গে যুক্ত। কিন্তু সেই পরিচয় ভুলে গলায় স্বেচ্ছাসেবকের ব্যাজ ঝুলিয়ে তারা জনসেবায় নিজেদের সম্পূর্ণভাবে নিয়োজিত করেন। বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হলেও রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবসেবাকেই তারা শ্রেয় মনে করেন।

S.I.R প্রক্রিয়ায় নিযুক্ত আধিকারিকরাও বিলবোরাকোপরা উন্নয়ন মঞ্চের সংগঠিত ভূমিকা ও দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে আরও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই স্বেচ্ছাসেবীরা এগিয়ে চলার প্রতিজ্ঞা করেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ