গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ অল্পের জন্য রক্ষা পেল ২০০ মাধ্যমিক পরীক্ষার্থী।
মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2026) চলাকালীন অঘটন। স্কুলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছড়াল ব্যাপক আতঙ্ক। ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জের এক নম্বর ব্লকের নাককাটিগাছ হাইস্কুলে। অল্পের জন্য রক্ষা পেল অন্তত ২০০ জন মাধ্যমিক পরীক্ষার্থী। এই ঘটনাটি নজরে এসেছে মধ্যশিক্ষা পর্ষদের। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন আধিকারিকরা।
জানা গিয়েছে, সোমবার বেলার দিকে ওই স্কুলে মিডডে মিল রান্না চলছিল। আচমকা গ্যাসের পাইপ লিক করে। তা থেকে আগুন গ্যাস সিলিন্ডারে লাগে। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় গোটা সিলিন্ডার। কোনওক্রমে সিলিন্ডারটি উদ্ধার করে স্কুলের মাঠে ফেলে দেওয়া হয়। তার কিছুক্ষণের মধ্যে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে স্কুলচত্বর-সহ গোটা এলাকা। মাধ্যমিক পরীক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যান। স্কুল পড়ুয়াদের আশ্বস্ত করেন শিক্ষকরা। কোনও সমস্যা হবে না বলেই অভয়বাণী দেন শিক্ষকরা। তারপরই পরীক্ষা দিতে শুরু করে পড়ুয়ারা। এই ঘটনার খবর পৌঁছয় মধ্যশিক্ষা পর্ষদে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন আধিকারিকরাও।

উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2026)। শেষ হবে ১২ তারিখ। পরীক্ষা শুরু হয় সকাল ১০টা ৪৫ থেকে। শেষ হয় দুপুর ২টোয়। মাধ্যমিক পরীক্ষায় যাতে পরীক্ষার্থীদের কোনও অসুবিধা না হয়, সে ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

