আরএসএস কট্টরপন্থী মৌলবাদী সংগঠন এদের জন্যই ভারতের গণতান্ত্রিক লড়াইয়ের ধরন বদলে গেছে লন্ডনে এক অনুষ্ঠানে দাবি রাহুলের
বাংলার জনরব ডেস্ক: লন্ডন সফরে গিয়ে রাহুল গান্ধীর একের পর এক বাউন্সার বিজেপি ও আরএসএসকে অস্বস্তিতে ফেলেছে। লন্ডনের এক সংস্থা আয়োজিত আলাপচারিতা অনুষ্ঠানে রাহুল গান্ধী আরএসএস-এর সঙ্গে কট্টর পন্থী ইসলামিক সংগঠনের তুলনা করেছেন। তিনি বলেছেন আরএসএস আসলে কট্টরপন্থী মৌলবাদী সংগঠন। ভারতের সব স্বশাসিত সংস্থা গুলি দখল করেছে বা করার চেষ্টা করছে আরএসএস।
প্রাক্তন কংগ্রেস (Congress) সভাপতির বক্তব্য, ভারতের গণতান্ত্রিক লড়াইয়ের ধরন একেবারে বদলে গিয়েছে। আর এটা বদলেছে শুধু আরএসএস নামের সংগঠনের জন্য। ওরা ভারতের প্রায় সব সংস্থা দখল করে নিয়েছে।
রাহুলের অভিযোগ, আরএসএস অনেকটা নিষিদ্ধ সমাজের মতো। এটা ইসলামিক ব্রাদারহুডের মতো মৌলবাদী সংগঠনের আদর্শেই তৈরি। ওদের লক্ষ্য হল, আগে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করা। তারপর পুরো গণতান্ত্রিক পদ্ধতিটাই শেষ করে দেওয়া। রাহুলের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে বিজেপি। একাধিক কেন্দ্রীয় মন্ত্রী সরব হয়েছেন। তাদের দাবি, রাহুল ফের বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশকে বদনাম করার চেষ্টা করছেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) বলছেন, দয়া করে দেশের সঙ্গে বেইমানি করবেন না রাহুলজি। এভাবে বিদেশের মাটিতে দেশের সম্পর্কে খারাপ কথা বললে কেউ আপনাকে বিশ্বাস করবে না।
শুধু আরএসএসের বাড়বাড়ন্ত নয়, গত কয়েকটি নির্বাচনে বিজেপির উত্থান এবং কংগ্রেসের অবক্ষয় নিয়েও মুখ খুলেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। নিজের দলের ব্যর্থতা নিয়ে কংগ্রেস নেতার বক্তব্য, আমরা গত কয়েকটি নির্বাচনে গ্রামের দিকে একটু বেশি মনোযোগ দিয়ে ফেলেছিলাম। যার ফলে শহরাঞ্চলে দল সেভাবে নজর দিতে পারেনি। সেটাই আমাদের ব্যর্থতার অন্যতম কারণ। রাহুলের সাফ কথা, বিজেপি দেশে বাড়ছে। তার মানেই যে কংগ্রেস শেষ, এটা ধরে নেওয়া বড়সড় ভুল।

