দেশ 

দূষণে বিশ্বের শীর্ষস্থানে পাঞ্জাবের এই শহর!

শেয়ার করুন

দীপাবলিতে দেদার আতসবাজি পোড়ানোর কুফল স্বরূপ দূষণমাত্রা বৃদ্ধি নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে সর্বত্র। কোথাকার বাতাস সবচেয়ে দূষিত, দূষণের মাত্রা কত, তার চুলচেরা হিসেবনিকেশ চলছে। এসবের মাঝেই দূষণ নিয়ে নতুন তথ্য সামনে আনল এক সমীক্ষা সংস্থা। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের সমীক্ষা অনুযায়ী, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দূষিত শহর পাঞ্জাবের ভাটিন্ডা। সেখানকার বায়ুতে ধূলিকণার মাত্রা ১০৪৮, যা এখন সর্বোচ্চ। কিন্তু এ শহরে আতশবাজি পোড়ানোয় বায়ুতে বিষ মেশেনি। এর কারণ ভিন্ন। তাও ব্যাখ্যা করেছে সমীক্ষক সংস্থা।

পাঞ্জাব, হরিয়ানা, দিল্লির মতো শহরে শীতের আগে-পরে এমন দূষণ নতুন নয়, প্রতি বছর একই ছবি। তার মূল কারণ, পাঞ্জাব, হরিয়ানার বিস্তৃত খেত থেকে তুলে নেওয়া শস্যের যেটুকু থাকে, তা পুড়িয়ে ফেলা। জমিতে জমিতে পোড়ানোর ধোঁয়া ছড়িয়ে উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশে ছড়িয়ে পড়ে। দিল্লিতে ব্যাপক ধোঁয়াশায় জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট জানাচ্ছে, ওই একই কারণে এই মুহূর্তে ভাটিন্ডার বাতাস সবচেয়ে বেশি বিষময় হয়ে উঠেছে। তাদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, নভেম্বর ৮ পর্যন্ত পাঞ্জাবে ৮৮৫৯ টি খেতে শস্য পোড়ানো হয়েছে। ভাটিন্ডায় সেই সংখ্যা চারশোর বেশি। দূষণ তালিকায় ভাটিন্ডার পরপর রয়েছে পাঞ্জাবেরই আরও তিন শহর – তরণতারণ, ফিরোজপুর, সাংরু।

নভেম্বরে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। পরিবেশের কারণে দূষণ ছড়ালেও তা নিয়্ন্ত্রণ করা যায়। দূষিত বায়ুকণা খুব বেশি বায়ুমণ্ডলে মিশতে পারে না। কিন্তু এবছর আবহাওয়ার খামখেয়ালিপনায় এখনও তেমন তাপমাত্রা কমেনি, শিশিরপতনের পরিবেশ তৈরি হয়নি। তাই প্রাকৃতিক উপায়ে দূষণ রোখা যাচ্ছে না। ভাটিন্ডার এই ছবি আরও স্পষ্ট করে দিল, ভারতে শুধুমাত্র আতশবাজিই নয়, দূষণের মাত্রাবৃদ্ধির একটা বড় কারণ মাঠে শস্য পোড়ানোও। আর তাই দীপাবলি পেরিয়েও দূষণ কমছে না বলে মত পরিবেশবিদদের।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ