কলকাতা 

ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়! কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা!

শেয়ার করুন

বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে এর ফলে  ঝড়বৃষ্টি হবে পশ্চিমবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্তত ছ’টি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে, কোন দিকে এগোবে বা কোথায় আছড়ে পড়বে, তা ঝড়টি তৈরি হওয়ার পর বোঝা যাবে। আপাতত নিম্নচাপের পরিস্থিতির দিকে নজর রেখেছেন আবহবিদেরা।

হাওয়া অফিস জানিয়েছে, আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে শুক্রবার ভোরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে সরবে এবং শনিবার সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। তার পর আরও শক্তি বাড়িয়ে রবিবারের মধ্যে তা থেকে তৈরি হবে গভীর নিম্নচাপ। ওই নিম্নচাপ ঘনীভূত হয়ে সোমবার সন্ধ্যা নাগাদ মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির দিকে নজর রেখেছে আলিপুর। তবে এখনই পশ্চিমবঙ্গের উপর তার প্রভাব নিশ্চিত নয়। অন্তত ১৮ নভেম্বর, বুধবারের আগে পর্যন্ত এ রাজ্যে ঝড়বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তার পর বৃষ্টি হতে পারে।

বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের দু’-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভিজবে কলকাতাও। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ