কলকাতা 

জাহাঙ্গীর তো জেলে, নোটিশ কাকে দিলেন? ফলতার তৃণমূল নেতার বাড়ি ভাঙতে গিয়ে কলকাতা হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে রাজ্য প্রশাসন, আপাতত বাড়ি ভাঙায় স্থগিতাদেশ!

শেয়ার করুন

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় একদা প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ি ভাঙা নিয়ে এবার কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়লেন প্রশাসন। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ আজ শুক্রবার সরকারি আইনজীবীকে প্রশ্ন করেন। জাহাঙ্গীর তো জেলে রয়েছে আপনারা নোটিশ কাকে দিলেন? শুধু জাহাঙ্গীর নয় জাহাঙ্গীরের স্ত্রী ও জেলে রয়েছে! নোটিশ কোথায়? এসব কথা বলার পরেই হাইকোর্টের বিচারপতি বাড়ি ভাঙ্গায় আপাতত স্থগিতাদেশ দিল।

বেআইনি নির্মাণের অভিযোগে বুধবার থেকে ওই বাড়ি ভাঙার কাজ শুরু করেছিল জেলা প্রশাসন। দু’দিন কাজ চলেছে। এই সংক্রান্ত মামলায় বিচারপতি শুভ্রা ঘোষ শুক্রবার জানান, আপাতত প্রশাসনকে কাজ বন্ধ রাখতে হবে।

বেআইনি নির্মাণের অভিযোগে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই হাই কোর্টের দ্বারস্থ হন ফলতার ‘পুষ্পা’। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই নেতা ফলতায় তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন। ব্যাপক অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন ওই কেন্দ্রের ভোট বাতিল করে এবং নতুন করে ভোট হয়। প্রার্থী হিসেবে তখন নিজের নাম তুলে নিয়েছিলেন জাহাঙ্গির। পরে তোলাবাজি, ভয় দেখানো-সহ একাধিক অভিযোগে তাঁকে এবং তাঁর স্ত্রীকে পুলিশ গ্রেফতার করে। সেই থেকে দু’জনেই জেলবন্দি। মামলাকারী জেলে থাকাকালীন কী ভাবে তাঁর বাড়ি চিহ্নিত করে ভাঙার কাজ শুরু হল, প্রশ্ন তুলেছেন বিচারপতি ঘোষ। রাজ্যের উদ্দেশে তিনি বলেন, ‘‘কী ভাবে জানলেন বাড়িটি জাহাঙ্গিরের? উনি তো জেলে আছেন। নোটিস কোথায়?’’

প্রশাসনের বক্তব্য, জাহাঙ্গিরের নামে বেশ কয়েক বার নোটিস পাঠানো হয়েছিল। তাঁকে শুনানির জন্য তলবও করা হয়। কিন্তু তিনি হাজিরা দেননি। এর পর বাড়িটি ভেঙে ফেলার নোটিস পাঠায় জেলা প্রশাসন। সাত দিনের মধ্যে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তা কার্যকর করা হয়নি। তার পরেই বুধবার বাড়িটি ভেঙে ফেলতে উদ্যোগী হন প্রশাসনিক কর্তারা। ফলতার বিডিও সন্দীপ সিংহ রায়, পুলিশ আধিকারিক, অসামরিক প্রতিরক্ষা ও বিদ্যুৎ পর্ষদের কর্মীদের উপস্থিতিতে বাড়ি ভাঙার কাজ চলেছে টানা দু’দিন। হাই কোর্টে জাহাঙ্গিরের আইনজীবী কিশোর দত্তের সওয়াল, তাঁর মক্কেল জেলবন্দি। নোটিস তিনি পাননি। প্রশাসনের তলবে হাজিরাও তাই দিতে পারেননি।

রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ মিত্র আদালতে জানিয়েছেন, স্থানীয় দু’জন বাসিন্দা জাহাঙ্গিরের বাড়ি চিনিয়ে দেন প্রশাসনের আধিকারিকদের। তার আগে ডাকযোগে নোটিস পাঠানো হয়েছিল। গোটা প্রক্রিয়ার ভিডিয়ো করা হয়েছে। নোটিস সাঁটানোর ভিডিয়োও রয়েছে বলে জানান রাজ্যের আইনজীবী। তাঁর দাবি, জাহাঙ্গির সব জানতেন। কিন্তু মামলাকারীর আইনজীবীর সওয়াল, নোটিসে কোনও স্বাক্ষর ছিল না। উল্টে হাই কোর্টে মামলা হওয়ার পর ভাঙার গতি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয় বৃহস্পতিবার। দ্রুত গতিতে বাড়ির অনেকটা অংশ ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

ফলতার শ্রীরামপুর এলাকায় জাহাঙ্গিরের বাড়ি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল আগেই। অভিযোগ জমা পড়েছিল জেলা প্রশাসনের কাছে। সাধারণত, দোতলার বেশি উঁচু বাড়ি তৈরি করতে গেলে প্রশাসনের অনুমোদন প্রয়োজন হয়। এ ক্ষেত্রে তা নেওয়া হয়নি বলে অভিযোগ। নিম্ন আদালত ওই বাড়ি ভাঙার অনুমতি দিয়েছিল প্রশাসনকে। আপাতত হাই কোর্টের নির্দেশে ভাঙার কাজ বন্ধ রাখতে হবে সোমবার পর্যন্ত। ওই দিন শুনানির পর প্রয়োজনীয় নির্দেশ দেবেন বিচারপতি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ