Delhi Woman: ‘‘সুবিচারের আশা আর করি না,শুধু মেয়ে বাড়ি ফিরুক, কোনও নারী, কোনও কন্যাকে যেন এমন দিন দেখতে না হয়’’ দিল্লি-কাণ্ডে মন্তব্য নির্যাতিতার বাবার
বাংলার জনরব ডেস্ক : রাজধানী শহর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের দিনে এক তরুণীকে গণধর্ষণ করে মাথা মুড়িয়ে মুখে কালি মাখিয়ে প্রকাশ্যে রাস্তায় ঘোরানো হয় বলে অভিযোগ। এর ভিডিও নেট মাধ্যমে ভাইরাল করে দেন দিল্লির মহিলা কমিশনের চেয়ারম্যান। যা নিয়ে দেশজুড়ে তোলপাড় পড়ে গেছে। ইতিমধ্যে আট মহিলাসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মহিলা অসুস্থ হয়ে পড়েছিলেন পরবর্তীকালে অনেকটাই সুস্থ হয়েছেন বলে জানা গেছে। তরুনীর বাবা পক্ষপাত গ্রস্ত তিনি প্রথম মিডিয়ার সামনে মুখ খুললেন।
তিনি বলেন, ‘‘সুবিচারের আশা আর করি না। শুধু মেয়ে বাড়ি ফিরুক। কোনও নারী, কোনও কন্যাকে যেন এমন দিন দেখতে না হয়।’’

পুলিশ সূত্রে খবর, দিল্লির শাহদরা এলাকায় একটি ১৪ বছরের নাবালক ওই তরুণীকে প্রেম নিবেদন করে। কিন্তু তরুণী তাঁকে ফিরিয়ে দেওয়ায় সে আত্মহত্যা করে। ওই তরুণীকে নাবালকের আত্মঘাতী হওয়ার কারণ হিসেবে দাবি করে তাঁকে অপহরণ করেন মৃতের পরিজন। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, তার পরই ঘটে গণধর্ষণ এবং মুখে কালি মাখিয়ে, মাথা মুড়িয়ে প্রকাশ্যে ঘোরানোর ঘটনা। তরুণীকে বেধড়ক মারধর করার ছবিও ধরা রয়েছে ভিডিয়োয়।
তরুনীর বাবা আরো বলেছেন , ‘‘কোনও নারী, কোনও কন্যাকে যেন এই পরিস্থিতির মধ্যে দিয়ে কখনও যেতে না হয়। আমি সুবিচার পাব এমন আশা রাখি না। আমার মেয়েটা শুধু বাড়ি ফিরুক, এটাই চাই।’’
ঘটনার পরই বাড়িতে রাজনৈতিক নেতাদের আনাগোনা হঠাৎ বেড়ে গিয়েছে। এসেছিলেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। দেখা করে গিয়েছেন কংগ্রেসের অনিল চৌধুরিরাও। কিন্তু এতে বিরক্তই হচ্ছে তরুণীর পরিবার। তরুণীর পিতা বলছেন, ‘‘না চাইতেই আমাদের দু’মাসের রেশন দিয়ে গিয়েছেন ওঁরা। আরও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। কোনও কারণ ছাড়া কি কেউ এ ভাবে সাহায্য করে? চাইতে চাইতে মাথা কুটে মরে গেলেও অনেকের সাহায্য মেলে না।’’ আর তরুণীর দিদি, কান্না গিলতে গিলতে কেবল বলেন, ‘‘সে দিন যদি মানুষ একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতেন, তা হলে আজ সাহায্যের দরকার হত না।’’ তার পরই ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘‘এখন আপনারা চান আমরা কী বলি? যা হওয়ার হয়ে গিয়েছে, সব ভুলে, চলো আবার নতুন শুরু করি!’’

