জেলা 

১৩ জন সদস্যা নিয়ে গঠন হলো ওমেন ইন্ডিয়া মুভমেন্টের দক্ষিণ মুর্শিদাবাদ জেলা কমিটি

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ওমেন ইন্ডিয়া মুভমেন্টের (WIM) দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সম্মেলন আজ মুর্শিদাবাদ জেলার ইসলামপুর ইনভাইট হলে অনুষ্ঠিত হয়। জেলার ৭টি বিধানসভা থেকে WIM-এর নেত্রী ও প্রতিনিধিরা সম্মেলনে অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রাক্তন জেলা কমিটির পক্ষ থেকে বিগত সময়ের সাংগঠনিক কাজের খতিয়ান ও রিপোর্ট পেশ করা হয়। জেলা সভাপতি শবনম মুস্তারী প্রতিকূলতার মধ্যেও ৭টি বিধানসভায় সংগঠনের কাজ শুরু ও বিধানসভা কমিটি গঠনের কথা তুলে ধরেন। রিপোর্টের উপর আলোচনা ও পর্যালোচনার পর WIM-এর রাজ্য সভাপতি আলিয়া পারভিনের উপস্থিতিতে পূর্বের জেলা কমিটি ভেঙে দেন জাতীয় কমিটির সদস্যা রুনা লাইলা।

প্রতিনিধিদের সম্মতিক্রমে ১৩ সদস্যের নতুন জেলা কমিটি গঠিত হয়। নবনির্বাচিত কমিটিতে সভাপতি শবনম মুস্তারী, সহ-সভাপতি রুমাইয়া খাতুন, সাধারণ সম্পাদিকা রেখা বিবি, সম্পাদিকা পাপিয়া বিবি এবং কোষাধ্যক্ষ সাইরিন আক্তার বানু নির্বাচিত হন। সদস্য হিসেবে রয়েছেন রেশমা আক্তার, রিম্পা খাতুন, শরিফা বিবি, বিলকিস বিবি, রোজিনা বিবি, গাউসিয়া বিবি, শামীমা নাসরিন ও সাবিনা ইয়াসমিন।

সম্মেলনে উপস্থিত এসডিপিআই-এর রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম ওমেন ইন্ডিয়া মুভমেন্টের (WIM) লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সামাজিক ন্যায়, সমতা, মর্যাদা ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে নারীদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান ও রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে WIM-এর পথচলা শুরু হয়। ২০১৪ সালে WIM প্রতিষ্ঠিত হয় এবং ২০২৪ সালে এসডিপিআই-এর মহিলা শাখা হিসেবে যুক্ত হয়।

তিনি বলেন, ভারতীয় সমাজে নারীরা এখনও শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা, অর্থনৈতিক স্বনির্ভরতা ও রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে নানা বৈষম্যের শিকার। এই পরিস্থিতি পরিবর্তনে নারীদেরই সংগঠিত হয়ে নেতৃত্বের ভূমিকা নিতে হবে।

নারীদের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি রানি লক্ষ্মীবাই, বেগম হজরত মহল, সরোজিনী নাইডু, অরুণা আসফ আলী, প্রীতিলতা ওয়াদ্দেদার ও মাতঙ্গিনী হাজরার সাহস ও আত্মত্যাগের উদাহরণ তুলে ধরেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ও অগ্নিমিত্রা পালের রাজনৈতিক সংগ্রাম ও সাফল্যের উল্লেখ করে তিনি বলেন, মতাদর্শ ভিন্ন হলেও তাঁদের রাজনৈতিক যাত্রা প্রমাণ করে—নারীরা সংগঠিত হয়ে নেতৃত্ব গ্রহণ করলে সমাজ ও রাষ্ট্রের গতিপথ পরিবর্তন করার ক্ষমতা রাখেন। তিনি WIM-এর নেত্রী ও কর্মীদের অধিকার ও ন্যায়ের প্রশ্নে আরও সক্রিয় ও আন্দোলনমুখী হওয়ার আহ্বান জানান।

WIM-এর রাজ্য সভাপতি আলিয়া পারভীন বলেন, নারীদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন ও সংগঠিত করার পাশাপাশি তাঁদের নেতৃত্বের উপযোগী করে তোলাই সংগঠনের অন্যতম লক্ষ্য।

নবনির্বাচিত জেলা সভাপতি শবনম মুস্তারী বলেন, পশ্চিমবঙ্গের বহু মহিলা এখনও শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বঞ্চিত। নারীদের শুধুমাত্র ভোটার বা সুবিধাভোগী হিসেবে নয়, সমাজ ও রাষ্ট্র পরিচালনার সক্রিয় অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করাই WIM-এর লক্ষ্য।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন WIM-এর রাজ্য সাধারণ সম্পাদিকা তুহিনা পারভিন, কমিটির সদস্যা সাহিদা পারভীন, এসডিপিআই-এর রাজ্য সম্পাদক মাসুদুল ইসলাম, সদস্য হাবিবুর রহমান, ইয়াং ডেমোক্র্যাটস-এর জাতীয় কমিটির সদস্য মুদ্দাসির হোসেন, রাজ্য কনভেনর মোঃ সেলিম সেখ সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ