প্রচ্ছদ 

আমার ভোট ফিরিয়ে দিন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন উত্তর কলকাতার ভোটার! প্রবল কটাক্ষের শিকার বর্ষীয়ান নেতা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে ভোট ফেরত চাইলেন উত্তর কলকাতার এক ভোটার। ওই ভোটারের প্রশ্ন আপনাকে আমরা যে ভোট দিয়েছিলাম সেই ভোটটা যার বিরুদ্ধে দিয়েছিলাম এখন আপনি তার সঙ্গে আছেন সুতরাং আপনি আমার ভোটটা ফেরত দিন। কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে এনসিপিআই নামক একটি দলে যোগ দিয়েছেন। এই দল কিন্তু ভোটে লড়েনি। তৃণমূল কংগ্রেসের প্রতীক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখিয়ে ভোটে লড়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখে তাকে ভোট দিয়েছিলেন ওই ভোটার। তাই এবার এক সাংসদের কাছে এক ভোটারের আর্জি, ‘ভোট ফেরত দিন’। শুধু তাই নয়, ভোটাধিকার নিয়ে ‘ছিনিমিনি খেলা’ হয়েছে বলেও অভিযোগ ওই ভোটারের।

সরাসরি উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Bandyopadhyay) উদ্দেশ্যে চিঠি লিখেছেন ওই কেন্দ্রেরই ভোটার হেমন্ত দে। যা সমাজমাধ্যমে শেয়ার করেছেন তৃণমূলের আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েক দশকের পুরনো সঙ্গী ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই সুবাদে একাধিকবার উত্তর কলকাতা থেকে তৃণমূলের সাংসদও হন তিনি। রাজ্যে পালাবদলের পর বিদ্রোহী হয়ে ওঠেন তৃণমূলের ২০ সাংসদ। সেই তালিকায় ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। তাঁর স্ত্রী তথা বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের হাত ধরে থাকলেও বর্তমানে এনসিপিআইতে নাম লিখিয়েছেন সুদীপ। কখনও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করে এনসিপিআইতে যোগ দেন তিনি। পরবর্তীকালে নবান্নে গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গেও বৈঠক করতে দেখা গিয়েছে সুদীপবাবুকে। তবে তৃণমূলের টিকিটে জিতে এভাবে এনসিপিআইতে চলে যাওয়ায় কার্যত জনগণের মতামতে নিয়ে ছিনিমিনি খেলেছেন তিনি, এমন অভিযোগ তুলেই সুদীপকে সরাসরি চিঠি লিখেছেন হেমন্ত দে নামে ওই ভোটার।

চিঠিতে হেমন্তবাবু লিখছেন, ‘আপনার শারীরিক কুশল কামনা করে এই চিঠি। আমি মধ্য কলকাতার বৌবাজার অঞ্চলের বংশপরম্পরায় পুরনো বাসিন্দা এবং একজন প্রবীণ নাগরিক। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের রাজ্যে পালাবদলের পর আমরা এক অভূতপূর্ব পরিস্থিতির সম্মুখীন হলাম। বিধানসভার নির্বাচন হল। কিন্তু লোকসভার সাংসদ ভিন্ন দলের হয়ে গেলেন। যে নাগরিক লোকসভা এবং বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচনে জয়লাভ করালেন, তিনি বিস্ময়ের সঙ্গে দেখলেন, তার পছন্দের জয়ী সাংসদ নিঃসঙ্কোচে একেবারে প্রতিপক্ষের শিবিরে চলে গেলেন সমর্থন দিতে।’

এখানেই শেষ নয়, সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে ওই ভোটারের প্রশ্ন, ‘আমাদের সমর্থনে ভোটে জিতে আমাদের সম্মতি ব্যতিরেকে কিভাবে আপনি আপনার দলীয় আনুগত্য পরিবর্তন করেন। আমাদের সম্মতি, অর্থাৎ, পুনরায় আমাদের ভোটদান। আমার এই প্রশ্ন আইনের নয়, নৈতিকতার। নাগরিকদের পছন্দ, সমর্থন, সচেতন সিদ্ধান্তের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কোনও জনপ্রতিনিধির এককভাবে থাকতে পারে না।” এহেন রাজনৈতিক পরিস্থিতিতে উত্তর কলকাতার এনসিপি সাংসদের কাছে ‘ভোট ফিরিয়ে দেওয়ার’ আবেদন রেখেছেন হেমন্ত দে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ