প্রচ্ছদ 

পড়ুয়াদের সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে সংসদে আলোচনায় বসতে প্রস্তুত অমিত শাহ জানালেন সংসদীয় মন্ত্রী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দিল্লির ছাত্রবিক্ষোভে পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেছিল বিরোধীরা। শাহ অধিবেশনে অনুপস্থিত থাকায় বিরোধী সাংসদদের বিক্ষোভের জেরে দফায় দফায় মুলতুবি হয়ে যায় লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন। এই আবহে সোমবার কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু জানালেন, বিষয়টি নিয়ে সংসদে বক্তব্য পেশ করবেন শাহ।

সোমবার রিজিজু জানিয়েছেন, পড়ুয়াদের সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনার জন্য প্রস্তুত সরকার। বিরোধীরা যে প্রশ্নগুলি তুলেছে, সেগুলির জবাব দেওয়ার বিষয়েও আশ্বাস দিয়েছেন তিনি। রিজিজুর কথায়, “পড়ুয়াদের সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনার জন্য সরকার প্রস্তুত রয়েছে। বিরোধীরা যে সমস্ত প্রশ্ন উত্থাপন করেছে, তার জবাব দিতেও প্রস্তুত রয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দেবেন।”

বিরোধীদের উদ্দেশে রিজিজুর বার্তা, “আলোচনা এবং প্রশ্নের উত্তর দেওয়ার সময় হইহট্টগোল করবেন না। স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির সময় অস্থিরতা তৈরি করবেন না।” শাহের জবাবি ভাষণ শোনার জন্য বিরোধীদের অনুরোধ করেছেন সংসদ বিষয়কমন্ত্রী। আগামী ১৩ অগস্ট সংসদের বাদল অধিবেশন শেষ হবে। তার মধ্যে শাহ কবে বা কখন এই বিষয়ে বিবৃতি দেবেন, তা এখনও স্পষ্ট নয়।

যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ছাত্রসমাবেশে এবং ২০ জুলাই পড়়ুয়াদের সংসদ অভিযানে দিল্লি পুলিশ দমনপীড়ন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাচক্রে, দিল্লি পুলিশ শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন। পুলিশের বিরুদ্ধে নিরস্ত্র প্রতিবাদীদের উপর লাঠি চালানোর পাশাপাশি কাঁদানে গ্যাস, পেলেট গান ছোড়ার অভিযোগও ওঠে। এই ঘটনায় ইতিমধ্যেই শাহের পদত্যাগ দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। তাঁর দাবি, পুলিশি বলপ্রয়োগের সব খবরই শাহের কাছে ছিল। ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ হয়েছে তাঁর নির্দেশেই।

শাহের বিবৃতি দাবি করে সংসদের ভিতরে-বাইরে বিরোধীরা লাগাতার বিক্ষোভ দেখিয়ে গেলেও এখনও পর্যন্ত সংসদের অধিবেশনে যোগ দেননি শাহ। বিরোধীদের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, শাহ বিবৃতি না-দিলে তারা সংসদে অন্য কোনও বিষয় নিয়ে আলোচনায় যোগ দেবেন না। এই আবহে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল যে, সংসদে বিবৃতি দেবেন শাহ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ