জেলা 

‘অ’ পত্রিকার সুন্দরবন সাহিত্য আসর

শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা    কলকাতা থেকে প্রকাশিত ‘অ’ পত্রিকার গৌরবময় সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সারা বছর জুড়ে বাংলার বিভিন্ন অঞ্চলে সাহিত্য পরিক্রমা উদযাপনের প্রথম অনুষ্ঠানটি “সুন্দরবন সাহিত্য আসর” দঃ ২৪ পরগনা জেলার সুন্দরবনের বাসন্তী ব্লকের শিবগঞ্জ অঞ্চলে ‘চম্পাবতী মহিলা সোসাইটি’ ও ‘তরুণ তীর্থ’ এই দুটি সংস্থার সহযোগিতায় ‘ধনঞ্জয়-চম্পাবতী স্মৃতি সভাকক্ষ’-এ অনুষ্ঠিত হয়ে গেল ২৬বজুলাই।

১৯৭৬ সালে কলকাতার কলেজ স্ট্রীট কফি হাউসের টেবিল থেকে কবি ও সাহিত‍্যিক মাননীয় দেবাঞ্জন চক্রবর্তী’র সম্পাদিত ‘অ’ সাহিত্য পত্রিকার সূচনা হয়।

বাসন্তী ব্লকের শিবগঞ্জ অঞ্চলের আশ্রম আবাসিকের দুজন শিশু ছাত্র ছাত্রী, রাজু মণ্ডল ও নিধি নস্করকে দিয়ে প্রদীপ প্রজ্বলন করিয়ে ব‍্যতিক্রমী ও অভিনব উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হল। এই অনুষ্ঠানে যেসব সম্মানীয় অতিথিরা মঞ্চে আসন অলংকৃত করেছিলেন তারা হলেন – ‘ অ ‘ পত্রিকার সম্পাদক দেবাঞ্জন চক্রবর্তী, বিশিষ্ট কবি সত‍্যপ্রিয় মখোপাধ‍্যায়, লেখক তাপস রায়, কবি হাসি বসু ও উত্তরবঙ্গের কবি ও সংগঠক বিদ‍্যুৎ দাস ।

সুন্দরবন অঞ্চলের কবি ও ছড়াকারদের লেখা নিয়ে ‘অ’ সাহিত্য পত্রিকার সুন্দরবন সংখ‍্যা এদিন প্রকাশিত হল। এছাড়াও অনুষ্ঠানে ৫০ বছর পূর্তির সুন্দরবন অঞ্চলের চারজন বিশিষ্ট কবিকে ‘অ’ সাহিত্য সম্মান প্রদান করা হয়। এরা হলেন – কবি হিমাংশু মিস্ত্রি, সমাজসেবী ও লেখক অমল নায়েক, বনানী পত্রিকার সম্পাদক-কবি অধীরকৃষ্ণ মণ্ডল ও অনিতা অধিকারী। বিশিষ্ট বাচিকশিল্পী ও সংগীতশিল্পী অনিমেষ কুমারের সঞ্চালনা ও সংগীত পরিবেশনের মধ্যে অনুষ্ঠানটি এক অন‍্যমাত্রা পায়। আবাসিক ছাত্রীদের দ্বারা অনুষ্ঠানে দুটি অসাধারণ নৃত‍্য পরিবেশিত হয়। এবং বিশিষ্ট বাঁশিবাদক অরূপ চ‍্যাটার্জী বাঁশিতে সুর পরিবেশন করেন।

এছাড়াও অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ ও অন‍্যান‍্য সৃজনশীল উপস্থাপনায় ছিলেন – দেবর্ষি চক্রবর্তী, ললিতকুমার মাইতি, বেবীবালা, লালমিয়া মোল্লা, নীহার জয়ধর, শঙ্কর ঘোষ, দিশা চট্টোপাধ‍্যায়, শান্তিরঞ্জন অধিকারী, সুগত মুখার্জী, আলাউদ্দিন লস্কর, গৌতম তালুকদার, শাওন মুখার্জী, প্রবীররঞ্জন মণ্ডল, ভাগ‍্যধর বৈদ‍্য, পুষ্পিতা নাথ, বিবেক পাল, শান্তিরঞ্জন বৈদ‍্য, আলিয়া লস্কর, মৌমিতা মণ্ডল ও প্রমূখ।

অনুষ্ঠানে কবি সত‍্যপ্রিয় মুখোপাধ‍্যায় বলেন – “৫০ বছরের অধিক সময় ধরে ধারাবাহিকভাবে এই ডিজিটাল দুনিয়ায় প্রিন্টেড পত্রিকা প্রকাশ করা মোটেই সহজ কথা নয়। এর জন্য গভীর অধ‍্যাবসায় ও একপ্রকার সাধনার দরকার হয়।” পত্রিকার সম্পাদক মাননীয় দেবাঞ্জন চক্রবর্তী তার বক্তব‍্যে বলেন – “মানুষকে নিয়েই সাহিত্য। তাই একজন সাহিত্যকর্মীর সাহিত্যের পাশাপাশি মানসিকভাবে অসহায় মানুষের পাশে থাকা অত‍্যন্ত জরুরি।” সমগ্র অনুষ্ঠানটির সাংগঠনিক দায়িত্বে ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্য-সংগঠক হরিশঙ্কর কুণ্ডু।

অনুষ্ঠানে ‘অ’ সাহিত্য পত্রিকা সাহিত্য সেবার পাশাপাশি সুন্দরবনের এই প্রত‍্যন্ত অঞ্চলে অমলবাবুর আবাসিকের এইসব দুস্থ ছাত্র ছাত্রীদের জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পারস্পরিক এক মানবিক মেলবন্ধন গড়ে তোলেন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ