দেশ 

বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের বিরুদ্ধে সংসদের ভেতরে বাইরে বিক্ষোভ ইন্ডিয়া জোটের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের বিরুদ্ধে বৃহস্পতিবারও সরব হল বিরোধী দলগুলি। সংসদের দুই কক্ষেই নির্বাচন কমিশনের এই সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’র সদস্যেরা। সংসদের বাইরেও বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে বিরোধী জোটের ঐক্যবদ্ধ চেহারাই ধরা পড়ে। কংগ্রেস, তৃণমূল, আরজেডি-সহ ইন্ডিয়ার প্রায় সব দলের সদস্যই সংসদ চত্বরে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর-এর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এক সময় বিক্ষোভে যোগ দেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সনিয়া গান্ধী। ভোটার তালিকায় সমীক্ষা নিয়ে বিরোধী বিক্ষোভে শামিল হলেও বাংলা এবং বাঙালি প্রসঙ্গও উত্থাপন করেছে তৃণমূল।

বিরোধীদের হাতে ছিল ‘এসআইআর: গণতন্ত্রের উপর আঘাত’ লেখা পোস্টার। বিরোধীদের বিক্ষোভের জেরে প্রথমে দুপুর ২টো পর্যন্ত লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। তার পর অধিবেশন শুরু হলেও হইহট্টগোল চলতে থাকে। রাজ্যসভা এবং লোকসভার অধিবেশন শুক্রবার সকাল ১১টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। লোকসভার স্পিকার ওম বিড়লা বিরোধী সাংসদদের এই আচরণের নিন্দা করে বলেন, “এই কাজ সভার গরিমাকে নষ্ট করছে। যে আচরণ করা হচ্ছে, তা গোটা দেশ দেখছে।” বিরোধীরা অবশ্য নিজেদের বক্তব্যে অনড়। তা হল অনতিবিলম্বে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার কাজ স্থগিত করতে হবে।

Advertisement

শুক্রবার নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, “এটা খুবই গুরুতর একটি বিষয়। নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের মতো কাজ করছে না। এখন আমরা ১০০ শতাংশ নিশ্চিত যে, নির্বাচন কমিশন কর্নাটকের একটি আসনে কারচুপি করতে দিয়েছে।” ভোটার তালিকা থেকে বহু বৈধ ভ‌োটারের নাম কেটে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন রায়বরেলীর কংগ্রেস সাংসদ।

বৃহস্পতিবার রাজ্যসভার সাংসদ পদ থেকে অবসরগ্রহণ করেন ছয় সাংসদ। তাঁরা হলেন ডিএমকে-র এম মহম্মদ আবদুল্লা, এডিএমকে-র এন চন্দ্রসেঘরণ, পিএমকে-র অম্বুমানি রামডস, ডিএমকে-র এম সন্মুগম, এমডিএমকে-র ভাইকো এবং ডিএমকে-র পি উইলসন। উইলসন অবশ্য সংসদের উচ্চ কক্ষে পুননির্বাচিত হয়েছেন। অন্য দিকে, বৃহস্পতিবার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের কাছে ৩০টি মুলতুবি প্রস্তাব সম্বলিত নোটিস জমা পড়ে। সবগুলিই খারিজ করে দেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। ওই নোটিসগুলির মধ্যে একটি জমা দেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সাংসদ আব্দুল ওয়াহাব। তিনি প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের হঠাৎ পদত্যাগ নিয়ে আলোচনার দাবি জানিয়েছিলেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ