কলকাতা 

মোটিভেশন ও কেরিয়ার প্ল্যানিং নিয়ে অনলাইন কর্মশালায় অংশ নিল ৩০টির বেশি মিশন-এর ছাত্র-ছাত্রীরা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : বর্তমান যুগে শিক্ষা কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। প্রযুক্তির ব্যবহারে এখন শিক্ষার্থীরা ঘরে বসেই উপকৃত হচ্ছে নানা দিকনির্দেশনামূলক কার্যক্রম থেকে। এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছিল অনুসন্ধান সোসাইটি ও বেস এডুকেশনাল হাব, শনিবার সান্ধ্যকালীন এক অনলাইন আসরে। বিভিন্ন গুণীজনদের সঙ্গে আলাপচারিতার এই আসরের নাম দেওয়া হয়েছিল ‘সেরাদের সঙ্গে কিছুক্ষণ’।

এই আসরে উপস্থিত ছিলেন দেশের কৃতী ছাত্র-ছাত্রী ও শিক্ষাবিদরা। মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী চন্দ্রচূড় সেন ও উচ্চমাধ্যমিকে অষ্টম স্থানাধিকারী শিরিন আলম তাঁদের সাফল্যের গল্প ভাগ করে নিয়ে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করেন।

Advertisement

পরামর্শদাতা হিসেবে যুক্ত ছিলেন প্রাক্তন আই এ এস অফিসার লিয়াকত আলী, বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ডঃ মতিয়ার রহমান খান, অধ্যাপক ডঃ নুরুজ্জামান এবং ব্লক উন্নয়ন আধিকারিক হাবিল আনসারী। এঁরা প্রত্যেকে তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞান থেকে শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য, অধ্যবসায়, আত্মনিয়ন্ত্রণ, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং পেশাভিত্তিক পরিকল্পনা নিয়ে দিশা দেখান।

এই কর্মশালায় ৩০টির বেশি মিশন থেকে ছাত্র-ছাত্রীরা অনলাইনে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন যেমন – “কীভাবে পড়াশোনায় মনোযোগ বাড়ানো যায়?”, “কোন পথে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া উচিত?”, “সিভিল সার্ভিসের প্রস্তুতি কখন শুরু করা উচিত?” – এর বাস্তবভিত্তিক ও সহজবোধ্য উত্তর দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শেষাংশে আয়োজকদের পক্ষ থেকে বেস এডুকেশনাল হাবের সম্পাদক খাদেমুল ইসলাম সকল অংশগ্রহণকারী, অতিথি ও পরামর্শদাতাদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন যে ছাত্রছাত্রীদের মন্তব্য অনুযায়ী এই কর্মশালা তাঁদের মানসিকতা ও লক্ষ্য নির্ধারণে এক গুরুত্বপূর্ণ সহায়ক হয়েছে।

এমন উদ্যোগ আগামী দিনেও ধারাবাহিকভাবে চলতে থাকবে বলেই আয়োজক সংস্থাগুলি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট শিক্ষক ও লেখক নায়ীমুল হক, গৌরাঙ্গ সরখেল এবং সোহেল ইকবাল ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ