ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক হবে ভোপালে !
বাংলার জনরব ডেস্ক: ভোটমুখি মধ্যপ্রদেশের ভোপালে জোট ইন্ডিয়ার চতুর্থ বৈঠক হতে চলেছে। সূত্র মারফত জানা গিয়েছে, মুম্বইয়ের পর মধ্যপ্রদেশে (Madhya Pradesh) চতুর্থ দফা বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে এই ২৮টি বিরোধী দলের জোটের। এই চোটির বৈঠক সেপ্টেম্বর মাসের শেষে হওয়ার কথা।
পাটনা ও বেঙ্গালুরুর পর ২৮টি বিরোধী দলের বৈঠক ছিল মুম্বইয়ে। বাণিজ্যনগরীর পর মধ্যপ্রদেশের ভোপাল শহরে পদ্মশিবিরের বিরুদ্ধে চতুর্থ দফা বৈঠকে বসতে পারে ইন্ডিয়া জোট। চলতি বছরের নভেম্বর মাসেই বিজেপিশাসিত মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগেই ভোপালে বিরোধী জোটের মেগা বৈঠক হলে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট থেকে মুম্বইয়ে অনুষ্ঠিত হয় ইন্ডিয়া জোটের তৃতীয় দফার দু’দিন ব্যাপী বৈঠক। ১৩ সদস্যের কোঅর্ডিনেশন কমিটির কথাও ঘোষণা করা হয়েছে বৈঠকের পরে। শোনা গিয়েছে, বিরোধীদের মধ্যে মতানৈক্যের কারণেই এখনও লোগো প্রকাশিত করা হয়নি। মনে করা হচ্ছে, শিগগিরি লোগো ও জোটের মুখপাত্রের নাম ঘোষণা করা হবে।

