জেলা 

পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্য জুড়ে অশান্তি অব্যাহত, দিনহাটায় ব্যালট বাক্স গুঁড়িয়ে, কাগজ পুড়িয়ে দেওয়া হলে দর্শক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে করাতে ব্যর্থ হয়েছেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। ভোটের আগের দিন থেকে সমগ্র রাজ্য উত্তপ্ত হয়ে পড়ে । ভোটের দিন সকাল থেকে বিভিন্ন প্রান্ত গন্ডগোলের খবর আসতে থাকে । ভোটাররা লাইনে দাঁড়িয়েও ভোট দিতে পারছেন বলে অভিযোগ উঠেছে । পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে অশান্তি চরম আকার নিয়েছে । সব রের্কডকে ছাপিয়ে যাচ্ছে । কোচবিহারের দিনহাটাতে ভোট দেওয়ার ব্যালট বাক্সই (Ballot Box) ভেঙে গুঁড়িয়ে তছনছ করে দেওয়া হয়েছে। ভেতর থেকে ভোটের সমস্ত কাগজ বের করে দেওয়া হয়েছে পুড়িয়ে। তারপর ব্যালট বাক্স ছুড়ে ফেলে দেওয়া হয়েছে মাঠের মধ্যে। দিনহাটার ১৩০ নম্বর বুথ এই ঘটনা ঘটেছে।

মাঠের মধ্যে গড়াগড়ি খাওয়া ব্যালট বাক্স ঘিরে দাঁড়িয়ে রাজ্য পুলিশ। রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। অবশ্য কিছু বুঝেই উঠতে পারছেন না তারা। কীভাবে কী কাজ করবেন, তা নিয়ে ধোঁয়াশা স্পষ্ট কেন্দ্রীয় বাহিনীর (Central Force) জওয়ানদের চোখে মুখে। অবশ্য মাঠে তাঁদের হাজিরার জেরেই অন্য এক প্রান্তে অধীর আগ্রহে জোটবদ্ধ হয়ে দাঁড়িয়ে অপেক্ষারত ভোটাররা। তবে ভোট আদৌ কখন শুরু হবে বা হবে কি না, সে নিয়ে রয়েছে ধোঁয়াশা। আর অপেক্ষার মাঝে মাঠের মাঝে কেন্দ্রীয় বাহিনীর পাশে থাকা রাজ্য পুলিশ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ভোটাররা। তাঁদের অভিযোগ, ‘পুলিশগুলো তো সব নীরব দর্শক।’

Advertisement

গোটা ঘটনা নিয়ে দিনহাটার বুথে হাজির পুলিশবাহিনী কী জানাচ্ছে ? কীভাবে এভাবে ব্যালট বাক্স তছনছ করার ঘটনা ? এর পিছনে কারা রয়েছেন ? যে কোনও প্রশ্ন করলেও কারোর উত্তর ‘আমার জানা নেই’। কারোর আবার উত্তর ‘আমার দেখার বা বলার কাজ নয় এগুলো’। ঘটনা কি নির্বাচন কমিশনে জানানো হয়েছে ? দিনহাটার বুথে কি ভোট আদৌ শুরু করা যাবে ? এসব প্রশ্নেরও কোনও উত্তর মেলেনি।

প্রবল ধোঁয়াশার মাঝেই খানিক ভয় ও আশা-আশঙ্কার দোলাচলে যেখানে অপেক্ষা ভোটারদের, সেখানে ভয়ের ছবি প্রিসাইডিং অফিসারের চোখে মুখে। তাঁর কথায়, ‘মাঝরাতে কয়েকজন বুথে হামলা চালায়। ব্যালট বাক্স ছিনিয়ে নেয়। সব কাগজ বের করে পুড়িয়ে দিয়ে ব্যালট বাক্স মাঠে ছুড়ে ফেলে দিয়ে যায়। কারা করেছে, বলতে পারব না।’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ