অশান্তি রুখতে কড়া কমিশন মনোনয়নপত্র জমা দেওয়া কেন্দ্রের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ১৪৪ ধারা জারির নির্দেশ, তাতেও কি অশান্তি কমাতে পারবেন রাজীব সিনহা?
বাংলার জনরব ডেস্ক : পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়া এবং তোলাকে কেন্দ্র করে নয় জুন ও দশই জুন অর্থাৎ শুক্রবার ও শনিবার রাজ্য জুড়ে যে অশান্তি হয়েছে তা রোখার জন্য এবার নতুন পদক্ষেপ করল রাজ্য নির্বাচন কমিশন। কমিশন এক বিজ্ঞপ্তি জারি করে প্রতিটা জেলার ডিএম এবং এসপিদের নির্দেশ দিয়েছেন মনোনয়নপত্র জমা দেওয়ার অফিসকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করার অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়া কেন্দ্রের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ১৪৪ ধারা জারি করতে হবে । কোনরকম জমায়েত করা যাবে না মিছিল মিটিং করা যাবে না, এক কিলোমিটার এর মধ্যে। প্রশ্ন উঠেছে শুধুমাত্র এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করে অশান্তি কি রুখতে পারবে রাজ্য নির্বাচন কমিশন? রাজ্য নির্বাচন কমিশনারের অপদার্থতার কারণে মনোনয়নের প্রথম দিনেই এক কংগ্রেস কর্মীকে খুন হতে হয়েছে। দুঃখের হলেও সত্য মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে কথায় কথায় ক্ষতিপূরণ ঘোষণা করেন চার লাখ ,পাঁচ লাখ, দশ লাখ সেখানে একজন পরিযায়ী শ্রমিককে, যেভাবে দুষ্কৃতীরা গুলি করে মারল সেক্ষেত্রে নবান্ন নিরব কেন?
নির্বাচন কমিশনের নির্দেশে বলা হয়েছে বেলা ১১টা থেকে ৩টে পর্যন্ত এই বিধি কার্যকর হবে। মনোনয়ন দিতে যাওয়ার সময়ে প্রার্থীর সঙ্গে এক জন সহযোগীকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এ দিনের নির্দেশকে তাৎপর্যপূর্ণ মনে করছেন পর্যবেক্ষকেরা। তাঁদের মতে, পঞ্চায়েত ভোটের আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা নিয়ে মামলা হয়েছে। আজ, সোমবার কলকাতা হাই কোর্টে তার শুনানি। তার আগে এই পদক্ষেপ কমিশনের মুখরক্ষার প্রচেষ্টা কি না, সেই প্রশ্ন উঠছে।

